রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬’। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের ছয়টি দেশের বিশ্বজয়ী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিরা অংশগ্রহণ করবেন।
জাতীয় মসজিদের পূর্ব চত্বরে বাদ জোহর শুরু হয়ে এই সম্মেলন চলবে রাত ১০টা পর্যন্ত। এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আয়োজক কমিটির মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে আয়োজিত এ সম্মেলনে দিনব্যাপী পবিত্র কোরআনুল কারিমের মনোমুগ্ধকর তিলাওয়াত পরিবেশন করবেন বিভিন্ন দেশের প্রখ্যাত কারিরা।
বিদেশি আমন্ত্রিত কারিদের মধ্যে অংশ নিচ্ছেন মিসরের শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের শায়েখ কারি আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের কারি আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের শায়েখ কারি ওয়াহীদ খাজাইয়ী, ভারতের কারি হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার কারি ব্যারিস্টার যুবায়ের বারদাই। স্বাগতিক বাংলাদেশের পক্ষে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ।
সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীন।
সম্মেলনটির যৌথ সভাপতিত্ব করবেন আয়োজক সংস্থার সভাপতি আল্লামা কারি আবু রায়হান ও নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কোরআনচর্চার ঐতিহ্য ও কেরাতশাস্ত্রের সৌন্দর্য তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ-কারি, দেশবরেণ্য আলেম-ওলামা, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


