সৌদির সঙ্গে হজ চুক্তি, বাড়ল কোটা

সৌদির সঙ্গে হজ চুক্তি, বাড়ল কোটা
সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে বলে জানান ধর্মমন্ত্রী।

তিনি বলেন, মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও অন্য কোনো দেশ নির্ধারিত কোটা পূরণ করতে না পারলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।

ধর্মমন্ত্রী হজ কোটা বৃদ্ধিসহ সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরো সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ও সৌদি আরবের রাষ্ট্রদূত এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন