সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী। হজের সার্বিক ব্যবস্থাপনা আরো আধুনিক করা, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং হাজিদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সোমবার ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে, গতকাল রোববার সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম যৌথভাবে এ আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রীও উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক এ সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ ছাড়াও বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে স্থান পেয়েছে হজ ব্যবস্থাপনার বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও সেবাব্যবস্থা। এতে আন্তর্জাতিক ও স্থানীয় ৩২৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে হজযাত্রীদের সেবার মান বাড়াতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ ও স্মার্ট সমাধান তুলে ধরা হচ্ছে।
এদিকে, ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা নিয়ে আজ সোমবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করবেন।
এ চুক্তির মধ্য দিয়ে আগামী বছরের হজ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এবং এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক সমঝোতা হবে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


