স্প্যানিশ সুপার কাপ

প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি: আনচেলত্তি

স্পোর্টস রিপোর্টার

প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি: আনচেলত্তি
কার্লো আনচেলত্তি

একে তো বছরের প্রথম এল ক্লাসিকো। তার ওপর ছিল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তাই তো স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হলো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। রিয়াল মাদ্রিদ শুরুতেই লিড পেলেও লাভ হয়নি। কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের হৃদয় ভেঙে দিয়েছে কাতালান জায়ান্টরা। কিন্তু হাইভোল্টেজ ম্যাচে রিয়ালের অর্জন বলতে এতটুকুই।

বিজ্ঞাপন

পুরো ৯০ মিনিট ধরে বার্সা আক্রমণাত্মক ফুটবলের ফুল ফুটিয়ে গেছে। আর রিয়াল সেটা যেন চেয়ে চেয়ে দেখে গেছে। করার যেন কিছু ছিল না তাদের। প্রত্যাবর্তনের অবিশ্বাস্য কোনো গল্প-কাহিনীই তারা রচনা করতে পারেনি। চিরশত্রুদের থামানোর কোনো সুযোগই যেন ছিল না রিয়ালের সামনে। প্রতিরোধ গড়তে না পেরে বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলে।

ফাইনাল শেষে দলের ফুটবলারদের এমন বাজে পারফরম্যান্সের জন্য কেবল হতাশার সুরই ঝরল রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠে, ‘এটা বাজে একটি রাত। আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল। কখনো আমরা জিতব আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে। আমাদের সামনে তাকাতে হবে।’

প্রথমার্ধে রিয়াল ফুটবলই খেলতে পারেনি। ম্যাচ শেষে এমন আক্ষেপই করলেন এ ইতালিয়ান কোচ। নিজের দলের খেলোয়াড়দের ভুল ধরিয়ে দিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি। এটা খেলায় আমাদের ক্ষতির কারণ হয়েছে। তারা খুব সহজেই গোল পেয়ে গেছে। প্রচল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি। বিরতির সময় আমি বলেছি যে, আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ, প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। লং বল খেলেছি, কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না। আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে খেলতে পারিনি। আমি তাদের বলেছি তারা হারতে পারে কিন্তু প্রথমার্ধে আমরা যে ফুটবল খেলেছি, সেভাবে খেলে নয়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন