রোনালদোর চোখ অধরা সোনালি ট্রফিতে

স্পোর্টস ডেস্ক

রোনালদোর চোখ অধরা সোনালি ট্রফিতে

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে যখন অশ্রুসিক্ত চোখে বিদায় নিয়েছিলেন, অনেকেই ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের বুঝি সেখানেই সমাপ্তি। ৪১ পেরিয়েও আরেকটি বিশ্বকাপ খেলা অনেকের কাছেই ছিল কল্পনাতীত। কিন্তু নামটা যখন ‘ক্রিশ্চিয়ানো রোনালদো’, তখন অসম্ভব শব্দটাই অর্থহীন হয়ে যায়। সব শঙ্কা ও অনিশ্চয়তাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত সিআর সেভেন।

পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর দলের অনুশীলনে যোগ দিয়েছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি শেয়ার করে রোনালদো নিজেই লিখেছেন, ‘বিশ্বকাপ মিশন শুরু’। এই বিশ্বকাপে মাঠে নামার সঙ্গে সঙ্গেই এক অনন্য রেকর্ডের অংশীদার হবেন সিআর সেভেন। লিওনেল মেসির পর যৌথভাবে ইতিহাসের সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ফুটবলার হতে যাচ্ছেন। এর আগের পাঁচটি বিশ্বকাপ খেলে পর্তুগালের হয়ে ২২টি ম্যাচ খেলে গোল করেছেন ৮টি।

তবে ব্যক্তিগত কোনো রেকর্ড নয়, ৪১ বছর বয়সি এই মহাতারকার আসল লক্ষ্য এবার একটাই—অধরা সেই বিশ্বকাপের সোনালি ট্রফি ছোঁয়া। ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপা জিতলেও ক্যাবিনেটে কেবল এই একটি ট্রফিই বাকি। সেই অপূর্ণতা ঘুচিয়েই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন এ সুপারস্টার। পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ অবশ্য মনে করেন, রোনালদোর গল্পটা এখানেই শেষ নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো কোনো নির্দিষ্ট শিরোপার জন্য খেলে না। তার আসল রহস্য হলো ক্ষুধা। সে যা-ই জিতুক না কেন, পরদিনই নিজেকে আরো উন্নত করার একই তাড়না নিয়ে মাঠে নামে।’ এমনকি ২০৩০ বিশ্বকাপেও রোনালদো লড়বেন বলে বিশ্বাস কোচের।

পর্তুগাল কোচ আরো বলেন, ‘এটা ভাববেন না যে বিষয়টি কোচিং স্টাফের আলোচনায় আসে না। কারণ, আমরা চাই ক্রিশ্চিয়ানো রোনালদোর উদাহরণটি পর্তুগালের সব তরুণ ফুটবলারের কাছে তুলে ধরতে। তার মানসিকতা, পেশাদারিত্ব ও সাফল্যের জন্য নিরন্তর চেষ্টা—এসবই নতুন প্রজন্মের জন্য অনুসরণযোগ্য।’

আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ অভিযান। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। ফুটবলপ্রেমীরা এখন মুখিয়ে আছেন দেখার জন্য—রোনালদোর এই ‘লাস্ট ডান্স’ পর্তুগালকে কাঙ্ক্ষিত সোনালি ট্রফি এনে দিতে পারে কি না।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন