সেই আর্জেন্টিনাকে পেছনে ফেলে শিরোপা জিতল ব্রাজিল

সেই আর্জেন্টিনাকে পেছনে ফেলে শিরোপা জিতল ব্রাজিল

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুটা খুবই বাজে ছিল ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে যায় সেলেসাওরা। এবার সেই লা আলবিসেলেস্তেদের পেছনে ফেলেই শিরোপা জিতল নেইমারদের উত্তরসূরিরা।

বিজ্ঞাপন

চূড়ান্ত পর্বের প্রথম ৪ ম্যাচ শেষে আর্জেন্টিনা ও ব্রাজিলের সংগ্রহ ছিল সমান ১০ পয়েন্ট। শিরোপা নিষ্পত্তির জন্য তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শেষ ম্যাচের দিকে তাকিয়ে ছিল সবাই। যেখানে শেষ হাসি হেসেছেন ব্রাজিল-ভক্তরা।

চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল চিলি। ম্যাচটিতে ৭২ মিনিট পর্যন্ত গোলমুখ খুলতে পারেনি ব্রাজিল। পরের মিনিটে ডেভিড ওয়াশিংটনের কল্যাণে প্রথমবারের মতো এগিয়ে যায় জায়ান্টরা। বাকি সময়ে ব্রাজিলের হয়ে আরও একবার করে জালের দেখা পান পেদ্রো ও মাথিয়াস। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

চিলিকে হারিয়ে আর্জেন্টিনার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে যায় ব্রাজিল। একই সঙ্গে (+৪) গোল ব্যবধানেও এগিয়ে ছিল তারা। তাই শিরোপার জন্য শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জেতার পাশাপাশি গোল ব্যবধানের বিষয়টিও মাথায় রাখতে হতো আর্জেন্টিনাকে। এর কোনোটাই করতে পারেনি তারা।

প্যারাগুয়ের কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা। তাতেই ৩ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা নিজেদের করে নিয়েছে ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা জিতল তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন