এশিয়া কাপে ভালো কিছুর স্বপ্ন বাংলাদেশের। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় বাড়তি অনুপ্রেরণা যোগাবে নিশ্চিত। তবে এশিয়া কাপে লিটন দাসের দলের কোনো সম্ভাবনা দেখছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি মনে করেন, ছন্দ বাংলাদেশের পক্ষে থাকলেও এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারে।
এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। গ্রুপে চার দল থেকে সেরা দুই দল যাবে সুপার ফোরে। চোপড়া মনে করেন, ‘বি’ গ্রুপ সুপার ফোরের জন্য সবচেয়ে ফেভারিট দল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দলের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনায় এমন মতামত দিয়েছেন চোপড়া।
ভারতের এই সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকের মতে, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি পেস বিভাগ, ‘বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম ভালো। তারা আসলে দারুণ ক্রিকেট খেলছে। বাংলাদেশের পেস বোলিং ইউনিট ভালো। তাসকিন, তানজিম নতুন বলে ভালো বোলিং করতে পারে। মোস্তাফিজ তো নতুন ও পুরোনো দুই বলেই ভালো করতে পারে। সব মিলিয়ে ভালো একটা পেস বোলিং ইউনিট, সঙ্গে অভিজ্ঞও। স্পিনেও বৈচিত্র্য আছে।’
তবে ব্যাটিংয়ে এক লিটন বাদে বাংলাদেশের কাউএক খুঁজে পাচ্ছেন না চোপড়া। তার ভাষ্য, ‘দুর্বলতার কথা বললে বলতে হবে, তারা লিটন দাসের ওপর অতিরিক্ত নির্ভরশীল। লিটন দাস মানসম্মত খেলোয়াড়, কিন্তু যতটা সামর্থ্য আছে, ততটা ভালো এখনো করতে পারেনি। সে এ মুহূর্তে অধিনায়ক, তাই দল অবশ্যই তার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু তারা তার ওপর খুব বেশি নির্ভরশীল। গুরুত্বপূর্ণ সময়ে এই দলটার “চোক” করার প্রবণতা আছে।’
এরপর বাস্তবতা মনে করিয়ে দিয়ে চোপড়া বলেন, ‘সত্যি বলতে, তাদের কাজটা কঠিন, যদিও টি-টোয়েন্টিতে যেকোনো দলকে হিসাবের বাইরে রাখা ভুল হবে। তবে আমার মনে হয়, তারা আটকে যাবে। আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারে। তাই বাংলাদেশের গল্প লিগ পর্যায় থেকে শেষ হতে পারে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

