ডি থ্রি টুর্নামেন্ট দিয়ে ঘরোয়া ক্রিকেট কাঠামোতে নতুন যুগের সূচনা হয়েছে। ৩ ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কাঠামোটি নতুন অনেক বিষয় সামনে নিয়ে এসেছে। এরই মধ্যে একটি হলো ম্যানেজমেন্ট ড্রাফট।
দেশের ক্রিকেটে এবারই প্রথম কোনো টুর্নামেন্টের জন্য কোচিং স্টাফদের ড্রাফট অনুষ্ঠিত হলো। বিসিবির দেয়া তালিকা থেকে প্রতিটি দল একজন করে প্রধান কোচ, দুজন সহকারী কোচ, একজন ফিজিও, একজন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও একজন অ্যানালিস্ট নিয়েছে।
মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজিত এই ড্রাফটে দলগুলোর সামনে সব মিলিয়ে ৩৫ জন কোচের তালিকা দেয় বিসিবি। ড্রাফটে এইস ব্লুস্টার সোহেল ইসলামকে, একমি রাজিন সালেহকে, সিটিজেনস ব্যাংক মিজানুর রহমানকে, ফরচুন গ্রুপ মোহাম্মদ সালাহউদ্দীনকে, সেভেন রিংস সিমেন্ট তালহা জুবায়েরকে ও ওয়ালটন গ্রুপ আবদুর রাজ্জাককে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে।
সহকারী কোচদের মধ্যে ব্লু-স্টার বেছে নিয়েছে সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিকুর রহমান মজুমদারকে। এছাড়া ওয়ালটন তুষার ইমরান ও ডলার মাহমুদকে, সিটিজেন্স ব্যাংক নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিমকে, একমি তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্সকে, ফরচুন মোহাম্মদ আশরাফুল ও আবদুল করিম জুয়েলকে এবং সেভেন রিংস সিমেন্ট হান্নান সরকার ও হুমায়ুন কবীর শাহীনকে সহকারী কোচ হিসেবে বেছে নিয়েছে ড্রাফট থেকে।
কোচদের তালিকায় আছেন জাতীয় ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও বোলিং কোচ তালহা । জাতীয় দলের খেলা চলাকালীন তাদেরকে পাওয়া নিয়ে একটা সমস্যা দেখা দিতে পারে। সেই সমস্যা নিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, জাতীয় দলের ব্যস্ততা না থাকলেই তারা ডি থ্রি ট্রফিতে কাজ করবেন। এছাড়া দলগুলো চাইলে কোনো কোচের অনুপস্থিতিতে ড্রাফট থেকে দল না পাওয়া অন্য কোচকেও নিতে পারবে।
ফিজিওথেরাপিস্টদের মধ্যে ফরচুন বেছে নিয়ে জাতীয় দলের বায়েজিদুল ইসলাম খানকে, ওয়ালটন এনামুল হককে, সেভেন রিংস সিমেন্ট দেলোয়ার হোসেন শিবাকে, এস ব্লুস্টার জয় বিশ্বাসকে, একমি আবু রেজা শরিফুল হাসানকে এবং সিটিজেন্স ব্যাংক খায়রুল ইসলামকে দলে ভেড়ায়।
স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচদের মধ্যে সিটিজেন্স ব্যাংক বেছে নিয়েছে কালাইন আশিস রায় বাপ্পিকে, এস ব্লুস্টার রুবাইয়াত হককে, একমি তুষার কান্তি হাওলাদারকে, ফরচুন এম. মনিরুজ্জামানকে, সেভেন রিংস সিমেন্ট ইফতেখারুল ইসলাম ইফতিকে এবং ওয়ালটন আসলাম খানকে।
পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে ওয়ালটন বেছে নিয়েছে নাসির আহমেদ নাসুকে। একমি সন্দীপ কুমার রামনকে, সিটিজেন্স ব্যাংক অনিক নেওগীকে, ফরচুন আমদাদুল হক লিওনকে, সেভেন রিংস সিমেন্ট জাহানে আলমকে এবং এস ব্লুস্টার এসএম জুলফিকুর আলীকে দলে নিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

