নক আউটে ওঠার লড়াই শুরু হয়েছে আগেই। সেই ধারাবাহিকতায় কোয়ার্টার ফাইনালে নাম লিখতে মাঠে নামতে যাচ্ছে ইন্টার মিয়ামিও। লিওনেল মেসির ক্লাবটির প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রোববার রাত ১০টায়।
ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো পর্বের এই ম্যাচ বেশ আলোচনার জন্ম দিচ্ছে। কেননা দীর্ঘদিন পর নিজের সাবেক ক্লাব পিএসজির সঙ্গে ‘পুনর্মিলন’ হতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের। মেসির সঙ্গে শুধু ফরাসি চ্যাম্পিয়নদেরই সাক্ষাৎ হচ্ছে না এ ম্যাচে। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী এ মেগাস্টারের সঙ্গে দেখা হচ্ছে বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকের সঙ্গেও। স্প্যানিশ এই কোচ এখন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির ডাগআউটের দায়িত্ব সামলাচ্ছেন।
পিএসজিতে সময়টা মোটেই ভালো কাটেনি মেসির। এ কথা বারবারই বলে এসেছেন এ ফুটবল সুপারস্টার। ফরাসি জায়ান্ট ক্লাবটির প্রতি চাপা ক্ষোভ পুষে রেখেছেন তিনি। ইন্টার মিয়ামির কোচ হ্যাভিয়ের মাচেরানোর প্রত্যাশা, মাঠের লড়াইয়ে সেই ক্ষোভ উগড়ে দেবেন মেসি, ‘মেসি যদি সেই ক্ষোভ নিয়ে মাঠে নামেন, তাহলে তো আমাদের জন্যই ভালো। সে এমন একজন ফুটবলার, তার মাথায় কিছু একটা গেথে গেলে সে বাড়তি কিছু করতে মরিয়া হয়ে ওঠে।’
আট বছর আগে পিএসজিকে নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। কাতালানদের সেই টিমে খেলা মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস এখন ইন্টার মিয়ামিতে একে অন্যের সতীর্থ। আর মাচেরানো তাদের কোচ। সেই টিমের কোচ ছিলেন এনরিকে। যিনি কি না এখন পিএসজির ফুটবল গুরু। সন্দেহ নেই, এ ম্যাচে তাই সাবেক কোচের বিপক্ষে তেমন ধ্বংসাত্মক পারফরম্যান্স উপহার দিতে চাইবেন মেসিরা।
অন্যদিকে ট্রেবল জয়ের স্বাদ নিয়ে ক্লাব ফুটবলের বৈশ্বিক আসরে পা রেখেছে পিএসজি। ফরাসি লিগ ওয়ান, ফরাসি কাপ ও চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ট্রফি কেবিনেটে এবার ক্লাব ফুটবলের মহাযজ্ঞের শ্রেষ্ঠত্বের মুকুটও যোগ করতে চায় এনরিকের শিষ্যরা।
রাতের অন্য ম্যাচে ফ্ল্যামেঙ্গো মোকাবিলা করবে বায়ার্ন মিউনিখকে। জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে ব্রাজিলিয়ান ক্লাবটি খেলবে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে। দুদলের ম্যাচ শুরু হবে আজ রাত ২টায়।
মুখোমুখি
পিএসজি-ইন্টার মিয়ামি
ফ্ল্যামেঙ্গো-বায়ার্ন মিউনিখ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

