রোমাঞ্চের অপেক্ষায় আবুধাবি টেস্ট

রোমাঞ্চের অপেক্ষায় আবুধাবি টেস্ট

বিজ্ঞাপন

আবুধাবি টেস্টের শেষ সেশনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ২১৪ রান। লক্ষ্য বড় হওয়ায় পঞ্চম দিনে জয়ের জন্য নয়, বরং ড্রয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগানিস্তান। সেই লক্ষ্য পূরণে শেষ সেশনে টাইগার বোলারদের ৩১ ওভারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আফগানদের।

গত দিনের ৩ উইকেটে ১৩২ রান নিয়ে ব্যাট করতে নেমে মঙ্গলবার প্রথম সেশন শেষে ৪ উইকেটে ২০৩ রান করে আফগানিস্তান। পরের সেশনে ২ উইকেট হারিয়ে যোগ করে ৬২ রান। উইকেটের এক প্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্তে হাল ধরে আছেন সেদিকুল্লাহ অটল। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১০৫ রানে অপরাজিত আছেন তিনি।

এদিকে, পঞ্চম দিনের শুরু থেকেই বেশ ভালো দৃঢ়তা দেখিয়েছে আফগানিস্তান। দিনের খেলার তৃতীয় ওভারের চতুর্থ বলে দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহ শহীদির পায়ে। সেই চোটের কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে অবশ্য শাহিদী মাঠে ফিরেছেন।

হাশমতের পর ব্যাটিংয়ে আসা ইকরাম আলিখিল অবশ্য বেশ ভালো সঙ্গ দিয়েছেন অটলকে। প্রায় পুরো সেশন উইকেটশূন্য কাটিয়ে দিলেও লাঞ্চ বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ইকরাম আলিখিলকে হারিয়েছে আফগানরা। ৩৩ রান করে ফিরেছেন ইকরাম। ইবাদতের বাউন্সারে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইকরাম।

সাতে নামা ইসমাত আলমের প্রতিরোধ ছিল দেখার মতো। একের পর এক বল ডিফেন্স করেই যাচ্ছিলেন তিনি। তবে সেই প্রতিরোধ ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৬০ বলে ৪ রান করে ফেরেন ইসমাত। দ্বিতীয় সেশনের দ্বিতীয় উইকেটটিও নিয়েছেন মিরাজই। ইনজুরিতে মাঠ ছাড়া হাশমত আবারও মাঠে ফিরে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অটলকে।

দ্বিতীয় সেশন শেষ হতে তখন খুব বেশি সময় বাকি নেই। এমন সময়ে মিরাজের বলে বড় শট খেলতে গিয়ে মিড অনে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়েছেন হাশমতউল্লাহ শহীদি। ফিরলেন ৩৬ রান করে।

এর আগে প্রথম ইনিংসে ৩৪৬ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে আফগানিস্তান অলআউট হয় ২৪০ রানে। ১০৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান করে ইনিংস ঘোষণা করে। আফগানদের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রানের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন