জিরোনার জালে বার্সার এক হালি

জিরোনার জালে বার্সার এক হালি

স্প্যানিশ লা লিগায় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বার্সেলোনা। প্রতিপক্ষ যেটাই হোক না কেন, জয়ই যেন তাদের শেষ কথা। দুর্দান্ত পথচলায় এবার নগর প্রতিদ্বন্ধী জিরোনাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

বিজ্ঞাপন

এ নিয়ে স্পেনের শীর্ষ লিগে টানা নয় জয়ের দেখা পেল বার্সা। সবশেষ গত ১৯ জানুয়ারি গেতাফের মাঠ থেকে পয়েন্ট ভাগ করে ফিরেছিল প্রতিযোগিতার সফলতম ক্লাবটি। জিরোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেল টেবিলের শীর্ষে থাকা বার্সা। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লস ব্লাঙ্গোসরা। তিনে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫৭ পয়েন্ট।

অলিম্পিক লুইস স্টেডিয়ামে প্রাধান্য বিস্তারকারী ফুটবল খেলেছে বার্সা৷ তাদের দাপটের কাছে অনেকটাই বোতলবন্দী হয়েছিল সফরকারী দল। ম্যাচের পাঁচ গোলের মধ্যে চারটাই হয়েছে বিরতির পর। ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। বিরতি থেকে ফেরার আট মিনিটের মাথায় গ্রোয়েনভেল্ডের কল্যাণে ম্যাচে ফেরে জিরোনা।

ম্যাচে তাদের প্রাপ্তি বলতে ওতটুকুই। বাকি সময় তিনবার গোলউৎসব করেছে বার্সা। ৬১ মিনিটে স্কোরলাইন ২-১ করেন রবার্ত লেভানডভস্কি। ৭৭ মিনিটে ব্যবধান বাড়ান এই পোলিশ স্ট্রাইকার। নির্ধারিত সময়ের চার মিনিট আগে জিরোনার জালে শেষ পেরেক ঠুঁকে দেন স্প্যানিশ ফরওয়ার্ড ফেররান তোরেস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন