২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ফুটবলের এ বৈশ্বিক আসরে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়ের সঙ্গে বলিভিয়া গোল শূন্য ড্র করায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই বিশ্বকাপের মূলপর্বে নিজেদের নাম লিখে ফেলেছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।
চার ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ফুটবল ইতিহাসে দ্রুততম বৈশ্বিক আসরে জায়গা পাওয়ার রেকর্ড। প্রথম কোচ হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপের টানা দুই আসরে পৌঁছে দিলেন ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী স্কালোনি।
বলিভিয়া-উরুগুয়ে ম্যাচে অমীমাংসিত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফা জানায়, ‘২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা।’ দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের এক্সে লিখেছে, ‘অভিনন্দন আর্জেন্টিনা! ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।’
আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বাইরে এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা পেয়েছে জাপান, নিউজিল্যান্ড, ইরান ও আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে ১৪ ম্যাচ খেলে ১০ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনা পুঁজি গড়েছে ৩১ পয়েন্টের। অন্য ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করা ইকুয়েডর ২৩ পয়েন্টের সংগ্রহ নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ২১ পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে যথাক্রমে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে।
২০২৬ সালে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। বাছাইপর্বের বৈতরণী পেরিয়ে দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপে খেলবে সরাসরি। সপ্তম দলটি বৈশ্বিক আসরে জায়গা করে নেবে প্লে অফ খেলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

