গাজার শিশুদের জন্য হামজার এক লাখ পাউন্ডের তহবিল সংগ্রহ

গাজার শিশুদের জন্য হামজার এক লাখ পাউন্ডের তহবিল সংগ্রহ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধাহত ও চিকিৎসাবঞ্চিত শিশুদের জন্য এক লাখ পাউন্ডের (প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা) বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। যুক্তরাজ্যের নজুম স্পোর্টসের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠান থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন শেফিল্ড ইউনাইটেডের এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।

গত রোববার (স্থানীয় সময়) যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস টাউন হলে নজুম স্পোর্টসের আয়োজনে এই দাতব্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজুম স্পোর্টস ২০২০ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা, যা পেশাদার ক্রীড়াঙ্গনে মুসলিম অ্যাথলেটদের সহায়তা ও ক্ষমতায়নে কাজ করে থাকে। অনুষ্ঠানে হামজাকে নিয়ে একটি বিশেষ আলোচনা সভার সঙ্গে মুসলিম অ্যাথলেটদের স্বাক্ষরিত জার্সি, পদক ও বিভিন্ন স্মারকের একটি দাতব্য নিলামের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

নিলামের অন্যতম আকর্ষণ ছিল হামজা চৌধুরীর লেস্টার সিটির হয়ে জেতা ট্রফি ও স্মারকগুলো। এর মধ্যে তার এফএ কাপজয়ী জার্সিটি সাত হাজার পাউন্ড এবং কমিউনিটি শিল্ডজয়ী পদক তিন হাজার পাউন্ডে বিক্রি হয়। অনুষ্ঠানটির টিকিট বিক্রি এবং নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ সংস্থাকে প্রদান করা হয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে হামজা চৌধুরী জানান, সংগৃহীত এ তহবিলের সম্পূর্ণ অর্থ গাজার শিশুদের জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসায় ব্যয় করা হবে। তিনি বলেন, ‘সংগৃহীত এই তহবিল চিলড্রেন নট নাম্বারসের চমৎকার কাজে ব্যয় করা হবে, যারা গাজার শিশুদের জীবন রক্ষাকারী জরুরি সহায়তা দিচ্ছে। এসব শিশুর অনেকের জন্যই চিকিৎসার্থে বিদেশ বা নিরাপদ স্থানে যাওয়া এবং বেঁচে থাকা এখন একমাত্র আশা। সংগৃহীত সব অর্থই এমন শিশুদের চিকিৎসার্থে স্থানান্তর প্রক্রিয়ায় ব্যয় করা হবে, যাদের এটি অত্যন্ত প্রয়োজন।’

কৃতজ্ঞতা প্রকাশ করে হামজা আরো যোগ করেন, ‘স্বল্পসময়ের মধ্যে এ আয়োজনের মাধ্যমে যা অর্জিত হয়েছে, সে জন্য আমি কৃতজ্ঞ ও বিনীত বোধ করলেও জানি, এত বিশাল দুর্ভোগের বিপরীতে এটি অত্যন্ত সামান্য একটি অবদান মাত্র। এখনো অনেক কিছু করার বাকি আছে; তবে প্রতিটি চেষ্টাই—তা যত ছোটই হোক না কেন, পার্থক্য গড়ে তুলতে পারে।’

এদিকে মানবিক এই কার্যক্রমের বাইরে মাঠের খেলায়ও ব্যস্ত সময় পার করছেন হামজা। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে তার সামনে এখন সাফ চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি খেলতে না পারলেও বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি জানিয়েছেন—আগামী ৯ নভেম্বর হামজা জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে দলে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন