আমরা উইন করতে পারমু : হামজা

আমরা উইন করতে পারমু : হামজা

জাতীয় স্টেডিয়ামে গতকাল অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দেওয়ান হামজা চৌধুরী। তার সিলেটি ভাষা বুঝতে গলদঘর্ম হতে হয়েছে সাংবাদিকদের। আগামীকাল ঘরের মাঠে হংকং, চায়নার বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ আশাবাদী হামজা। এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার বলেছেন, ‘আমরা উইন করতে পারমু।’

এরই মধ্যে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেলে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে হামজার। হংকং ম্যাচে নিজের প্রত্যাশা ব্যক্ত করে লেস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডার বলেন, ‘আমি খুবই আশাবাদী। আমি তৃতীয়বার খেলতে এসেছি। কোচের সঙ্গে, প্লেয়ারের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয়েছে। তিন-চার সপ্তাহ ধরে তারা কঠোর পরিশ্রম করছে। টিমকে খুবই ভালো দেখাচ্ছে। ইনশাআল্লাহ আমরা জিতব।’

বিজ্ঞাপন

হংকংয়ের বিপক্ষে জয়ের সম্ভাবনা কতটা দেখছেন? হামজা বলেন, ‘আমাদের ভালো সুযোগ আছে। আমি কোচের সঙ্গে কথা বলেছি, খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছি। আমাদের মধ্যে বিশ্বাস আছে। আমাদের প্রতিভা আছে, আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা উন্নতি করছি। আমরা এখন জিতে আত্মবিশ্বাসী হতে চাই এবং আমরা জয়ী দল হব।’ বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা থেকে হামজা বলেন, ‘আমরা চাই আরো বেশি ভালো করতে। আমাদের দলটি তরুণ। আরেকটু অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা অর্জন করে আমরা সফল দল হব ইন আল্লাহ।’

বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সম্পর্কটা খুবই ভালো বলে জানান হামজা। হংকং ম্যাচ নিয়ে কোচের সঙ্গে কী আলোচনা হয়েছে? হামজা বলেন, ‘আমি ও আমরা অভিজ্ঞতা কীভাবে কাজে লাগাতে পারি, এ নিয়ে কথা হয়। তবে প্রতিটি ম্যাচ ভিন্ন। আমাদের ভিন্ন সেটআপ করতে হবে। তিন-চার সপ্তাহ ধরে কোচ কঠোর পরিশ্রম করছেন। ইনশাআল্লাহ পরিকল্পনা বাস্তবায়ন হবে।’ তিনি আরো বলেন, ‘কোচ সব বড় সিদ্ধান্ত নেন। কিছু বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করে। সেখানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি। দল সপ্তাহখানেক ধরে খুব পরিশ্রম করছে। ইনশাআল্লাহ পরিকল্পনা ঠিক আছে।’

গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হার হতাশা এখনো তরতাজা স্মৃতি হামজার কাছে। এ ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিঙ্গাপুর ম্যাচে সুযোগ কাজে লাগেনি। বড় মোমেন্টে আমরা হতাশ করেছি। দুই গোল হজম করেছি। রক্ষণে আরো ভালো করলে হয়তো গোল হজম করতাম না। এছাড়া আমরা একটা পেনাল্টি পেতাম। ফুটবল এমনই। মাঝে মধ্যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। কোচ এবং দল একসঙ্গে খুব ভালো কাজ করছে। হংকং ম্যাচ অন্যরকম চ্যালেঞ্জ। বিশ্বাস করি, আমরা অবশ্যই জিতব। তাই আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে।’

নিজ দলের প্রতি আস্থা আছে হামজার। তবে চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। তিনি বলেন, ‘এটা ফুটবল। চলার পথে এখানে চ্যালেঞ্জ নিতে হবে। আমরা কোনো অজুহাত দাঁড় করাব না।’ মাঠে সব জায়গায় অবদান রাখতে চান হামজা, ‘মিডফিল্ডারের সংজ্ঞাই হলো আক্রমণ ও রক্ষণ দুই জায়গায় অবদান রাখা। তাই ইনশাআল্লাহ, আমি দুটোই ভালোভাবে করতে পারব। এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে আমি বেশ রোমাঞ্চিত, আমি খুব উপভোগ করছি।’ দিন শেষে ফুটবল একটা দলগত খেলা বলে মনে করেন হামজা। তিনি বলেন, ‘আমি মনে করি, যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবু আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতই। তাই ফুটবল কখনো একজনের খেলা নয়। বিশেষ করে আমাকে কেন্দ্র করে তো নই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...