ইন্টার মিয়ামির বিপক্ষে ম্যাচ। যে দলে আছেন লিওনেল মেসির মতো ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। বিষয়টি সামনে রেখে ইন্টার মিয়ামির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের দ্বিতীয় লেগের ম্যাচে বাড়তি আয়োজনের ব্যবস্থা করে ক্যাভালিয়ারে। তাদের এই আয়োজন বৃথা যেতে দেননি মেসি। প্রত্যাবর্তনে ব্যক্তিগত পারফরম্যান্সে মুগ্ধ করেছেন ক্যাভালিয়ারের সমর্থকদের।
ইন্টার মিয়ামির হয়ে আগের তিনটি ম্যাচে খেলেননি মেসি। শোনা যায়, চোট শঙ্কা এড়াতে মাঠের বাইরে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার। অবশেষে ক্যাভালিয়ারের বিপক্ষে শুক্রবার (১৪ মার্চ) সকালে অনুষ্ঠিত হওয়া ম্যাচের জন্য স্কোয়াডে ফেরানো হয় তাকে। যদিও একাদশে থাকবেন কিনা সেটা নিশ্চিত ছিল না।
এরপরও ইন্টার মিয়ামি বিপক্ষে ম্যাচটিকে ঘিরে উত্তেজনার কমতি ছিল না ক্যাভালিয়ারের। নিজেদের ম্যাচগুলো সচরাচর তিন হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে খেলে জ্যামাইকান দলটি। কিন্তু মেসির আগমনে টিকিটের মাত্রাতিরিক্ত চাহিদার কথা ভেবে ম্যাচটি ৩৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম কিংস্টোনের ইন্ডিপেন্ডেন্টস পার্কে স্থানান্তর করে ক্যাভালিয়ারে। এমনকি সফরকারী দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হন জ্যামাইকার সংস্কৃতি, বিনোদন, লিঙ্গ ও ক্রীড়া মন্ত্রী।
এটাই ছিল জ্যামাইকাতে মেসির প্রথম ফুটবল সফর। যদিও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো খেলতে এসে শুরুর একাদশে নামা হয়নি তার। তাতে কেবল উৎকন্ঠা বেড়েছে দর্শকদের। অবশেষে ৫৩ মিনিটে সব অপেক্ষা শেষ হয়। লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন সবার কাঙ্ক্ষিত এলএমটেন। ততক্ষণে ১-০ গোলে এগিয়ে ইন্টার মিয়ামি। ৩৭তম মিনিটে অতিথিদের এগিয়ে নেন সুয়ারজে। আগের লেগে ২-০ গোলে জিতেছিল তারা।
অর্থ্যাৎ তখন জয় পরাজয়ের হিসেবটা একপাশে রেখে কেবল সামনে থেকে মেসির পারফরম্যান্স দেখতেই উদগ্রীব ছিল দর্শকরা। হতাশ করেননি পিএসজির সাবেক ফরওয়ার্ড। নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন ছিল ১-০। যোগ করা সময়ে স্কোরলাইন ২-০ করেন মেসি। সতীর্থ সান্তিয়াগো মোরালেসের থ্রু বল ধরে স্বাগতিক গোলরক্ষককে ফাঁকিয়ে দিয়ে জাল কাঁপান। গোল হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে থাকা ইন্টার মিয়ামির মতো স্বাগতিক দর্শকরাও উল্লাস শুরু করেন। এমন উল্লাসই বলে দেয় প্রতিপক্ষের মাঠে গিয়ে কতটা ভালোবাসা পেয়েছেন মেসি। এদিন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ইন্টার মিয়ামির। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে ফ্লোরিডার প্রতিনিধিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

