আগামী শুক্রবার জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় সামার অ্যাথলেটিকসের ১৮তম আসর। এবারের আসরের নামকরণ করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়াসংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নামে। ‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন দিনব্যাপী হতে যাওয়া এ প্রতিযোগিতায় দেশের ৩৭ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সাতটি সামরিক ও বেসামরিক বাহিনী, ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়, দুটি শারীরিক শিক্ষা কলেজ, বিকেএসপি, ডাক বিভাগসহ ৫৭ সংস্থার মোট ৫৬৫ অ্যাথলেট পদকের জন্য লড়বেন। এর মধ্যে ৪৩ পুরুষ আর ১৩৪ নারী অ্যাথলেট রয়েছেন।

প্রতিযোগিতায় পুরুষ ও নারী দুই গ্রুপে ৪০টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি ও নারীদের ১৮ ইভেন্ট রয়েছে। প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিংয়ের জন্য ইলেকট্রনিক ফটোফিনিশিং মেশিনের ব্যবস্থা থাকবে। প্রতিযোগিতায় সেরা পারফর্ম করা অ্যাথলেটদের জন্য থাকছে অর্থ পুরস্কারও। আজ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
ফেডারেশন সভাপতি আব্দুল্লাহ্ জাবের বলেন, ‘দেশের অ্যাথলেটিক্সের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি, যার প্রথমটি হচ্ছে এবারের কোকো ১৮তম সামার অ্যাথলেটিক্স আয়োজন। এছাড়া আমরা অ্যাথলেটিক্সের স্থায়ী ভেন্যু নির্মাণ নিয়ে কাজ করে যাচ্ছি।’
অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন বলেন, ‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শেষে আমরা দীর্ঘমেয়াদি ক্যাম্প আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আসন্ন এসএ গেমসে আমাদের লক্ষ্য ১০টি পদক জয়ের। এর মধ্যে দুটি স্বর্ণপদক আশা করছি আমরা।’ এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং পাওয়ার্ড বাই আনোয়ার ইস্পাত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

