এবার ওয়ানডে সিরিজ হারল পাকিস্তান

এবার ওয়ানডে সিরিজ হারল পাকিস্তান

নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৩ রানে হারে পাকিস্তান। সিরিজে টিকে থাকতে চাইলে দ্বিতীয় ম্যাচে জিততেই হতো মোহাম্মদ রিজওয়ানের দলকে। এই সমীকরণ মেলাতে পারেনি সফরকারীরা। হেরেছে ৮৪ রানে। সেই সঙ্গে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ হাতছাড়া করল পাকিস্তান। এর আগে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল তারা।

বিজ্ঞাপন

হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের দেওয়া ২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৭২ রানে সপ্তম উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে শেষ পর্যন্ত ২০৮ রানে অল আউট হয় অতিথিরা। অর্থ্যাৎ শেষ তিন উইকেটে ১৩৬ রান তুলেছে তারা। ম্যাচে পাকিস্তানের প্রাপ্তি বলতে ওতটুকুই। ম্যান ইন গ্রিনদের ১০০ নিচে অলআউট হওয়া থেকে বাঁচিয়েছেন ফাহিম আশরাফ। সাত নম্বরে ব্যাট করতে নেমে ৭৩ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন নাসিম শাহ। পাকিস্তানের ১০ উইকেটের মধ্যে আটটাই নিয়েছেন বেন সিয়ার্স ও জ্যাকব ডাফি। ৫৯ রানে ৫ উইকেট নেন সিয়ার্স। ডাফির শিকার ৩ উইকেট। ৩৫ রান খরচ করেন তিনি।

দল সিরিজ জিতলেও আফসোস থাকবে মিচেল হে'র। এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন এই উইকেটরক্ষক ব্যাটার। ৭৮ বলে অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলার পথে সাতটি করে চার এবং ছয় মারেন হে। ৪১ রান আসে মোহাম্মদ আব্বাসের ব্যাট থেকে। নিক কেলির অবদান ৩১ রান। এছাড়া ২২ রান এনে দেন হেনরি নিকোলস।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২৯২/৮ (৫০ ওভার); হে ৯৯*, আব্বাস ৪১; মুকিম ২/৩৩

পাকিস্তান: ২০৮/১০ (৪১.২ ওভার); ফাহিম ৭৩, নাসিম ৫১; সিয়ার্স ৫/৫৯

ফল: নিউজিল্যান্ড ৮৪ রানে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন