মেসি না থাকায় দুশ্চিন্তায় তার আর্জেন্টাইন সতীর্থরা

মেসি না থাকায় দুশ্চিন্তায় তার আর্জেন্টাইন সতীর্থরা

অনেক দিন পর মাঠে নামছে আর্জেন্টিনা। চলতি বছরে প্রথম ম্যাচ। আলবিসেলেস্তেরা পাচ্ছে শঙ্ক প্রতিপক্ষ। আর্জেন্টিনা মোকাবিলা করবে সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়ন উরুগুয়ে ও ব্রাজিলকে। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের আগে শেষ মুহূর্তে ছিটকে গেছেন লিওনেল মেসি। সোমবার সকালে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মিয়ামির জয়ের ম্যাচে পেশিতে চোট পান এ ফুটবল জাদুকর। এ কারণেই খেলতে পারবেন না।

মেসির অনুপস্থিতি বেশ দুশ্চিন্তায় ফেলেছে তার জাতীয় দলের সতীর্থদের। আক্রমণভাগে মেসির বদলে খেলতে পারেন নিকোলাস গনসালেস। জুভেন্তুাসের এই ফরোয়ার্ড জানিয়েছেন উদ্বেগের কথা। মেসিকে ছাড়া মাঠের খেলায় কিভাবে শত্রুপক্ষকে সামাল দেবে তারা, সেটাই যেন বুঝে উঠতে পারছেন না, ‘আমি বিমানে ওঠার পর জানতে পারি যে, তিনি ছিটকে গেছেন। এটা অনেক বড় ধাক্কা। সবার মতো আমার মনেও একই ভাবনা কাজ করছে: লিও দলে নেই। এখন কী হবে?’

আর্জেন্টিনার বর্তমান দলে অবশ্য তারকা ফুটবলারের অভাব নেই। গনসালেস তাই সুপারস্টারকে ছাড়াই আশা দেখছেন, ‘তাকে ছাড়া আগেও আমাদের কিছু ম্যাচ খেলতে হয়েছে, তবে এই দুটি ম্যাচে খেলা এবং তাকে খেলতে দেখা হতো দারুণ কিছু। তাই (তার অনুপস্থিতিতে) একটু কষ্ট লাগছে।’

বুয়েনস আইরেসে পা রাখতেই এসেকিয়েল পালাসিওসের কাছে প্রশ্ন উড়ে যায় মেসি না থাকা নিয়ে। দলপতিকে হারিয়ে তার সুরও গনসালেসের মতো, ‘আমাদের অধিনায়ক লিও দলে নেই, খারাপ লাগছে। তবে তার জন্য ও বাচ্চাদের জন্য আমরা সামনের দুই চ্যালেঞ্জ জয়ের চেষ্টা করব। আমি গতকাল জানতে পারি যে, তিনি আসছেন না। খবরটা অনেক কষ্টের, কারণ তিনি আমাদের অধিনায়ক।’

অধিনায়ককে না পেয়ে হতাশার কথা জানালেন অলিম্পিক মার্সেইয়ের গোলরক্ষক জেরোনিমো রুলিও, 'অবশ্যই তার অনুপস্থিতির চেয়ে তাকে দলে পাওয়াটা ভালো ব্যাপার। কিন্তু এখন আমাদেরকে সমাধান খুঁজে নিতে হবে এবং যতটা সম্ভব ভালোভাবে তার শূন্যতা পূরণ করতে হবে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন