মিরপুরে আজ কোয়াবের নির্বাচন

মিরপুরে আজ কোয়াবের নির্বাচন

ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নিয়ে হয়েছিল বেশ জল ঘোলা। ক্রিকেটারদের দাবির মুখে পুরোনো কমিটি ভেঙে করা হয় অ্যাডহক কমিটি। এই কমিটি কোয়াবের গঠনতন্ত্র সংস্কারের পর নতুন করে নির্বাচন আয়োজন করছে। আজ দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চত্বরে জাতীয় ক্রিকেট একাডেমিতে হবে কোয়াবের এই নির্বাচন।

এবারের নির্বাচনে শুধু সভাপতি নির্বাচন করবেন ক্রিকেটাররা। এর আগে অনুষ্ঠিত হবে কোয়াবের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এজিএম। কোয়াবের নির্বাচনে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মিঠুন ও সেলিম শাহেদ। কোয়াবের কার্যনির্বাহী কমিটির বাকি ১০ পদে হবে না কোনো প্রতিদ্বন্দ্বিতা। সবাই নিজ নিজ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

ইতোমধ্যে কোয়াবের কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেনÑসিনিয়র সহসভাপতি শাহরিয়ার হোসেন বিদ্যুত ও সহসভাপতি নুরুল হাসান সোহান। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, শামসুর রহমান শুভ, রুমানা আহমেদ, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস, ইরফান শুক্কুর ও আকবর আলী।

এবারের কোয়াব নির্বাচনে ভোট দেবেন ২১৫ ক্রিকেটার। কোয়াবের নতুন গঠনতন্ত্র অনুযায়ী যারা নির্ধারিত ফি দিয়ে সদস্য হয়েছেন, তারাই শুধু ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন