টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। হেরেছে ৪-১ ব্যবধানে। এবার ওয়ানডে সিরিজের শুরুটাও ভালো হলো না মোহাম্মদ রিজওয়ানের দলের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্ল্যাক ক্যাপসদের কাছে ৭৩ রানে হেরেছে পাকিস্তান।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে আগে ব্যাট করতে নেমে মার্ক চ্যাপম্যানের সেঞ্চুরিতে ৩৪৪ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড। ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলেন চ্যাপম্যান। ড্যারেল মিচেলের ব্যাট থেকে আসে ৭৬ রান। মোহাম্মদ আব্বাসের অবদান ৫২ রান। পাকিস্তানের হয়ে ৫১ রানে ৩ উইকেট নেন ইরফান খান।
জবাবে ২৭১ রানে অলআউট হয় পাকিস্তান। সর্বোচ্চ ৭৮ রান এনে দেন বাবর আজম। সালমান আলি আগার ব্যাট থেকে আসে ৫৮ রান। উসমান খানের অবদান ৩৯ রান। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন নাথান স্মিথ। ৬০ রান খরচ করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩৪৪/৯ (৫০ ওভার); চ্যাপম্যান ১৩২, মিচেল ৭৬; ইরফান ৩/৫১
পাকিস্তান: ২৭১/১০ (৪৪.১ ওভার); বাবর ৭৮, সালমান ৫৮; স্মিথ ৪/৬০
ফল: নিউজিল্যান্ড ৭৩ রানে জয়ী
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

