পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। আসন্ন সিরিজ দিয়ে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ আব্বাস। এই মিডলঅর্ডার ব্যাটারের জন্ম পাকিস্তানে।
আব্বাসের বাবা আজহার আব্বাস পাকিস্তানের সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার। এক বছর বয়সের ছেলে আব্বাসকে নিয়ে লাহোর থেকে নিউজিল্যান্ড পাড়ি জমান আজহার। দেশটিতে গিয়ে অকল্যান্ড ও ওয়েলিংটনের হয়ে খেলেন প্রথম শ্রেণীর ক্রিকেট। বর্তমানে ওয়েলিংটনের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন আজহার।
আব্বাস ছাড়াও প্রথমবারের মতো নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন নিক কেলি। তারা দুজনই ওয়েলিংটনের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। আইপিএলে অংশ নেওয়ায় ওয়ানডে সিরিজেও থাকছেন না নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। তার পরিবর্তে ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্ব দেবেন টম লাথাম।
আগামী ২৯ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২ ও ৫ এপ্রিল বাকি ম্যাচদুটি খেলবে তারা।
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: টম লাথাম (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, বেন সিয়ার্স, উইল ইয়াং, নাথান স্মিথ, মোহাম্মদ আব্বাস, উইল ও রার্ক, ড্যারেল মিচেল, নিক কেলি, মিচেল হে, আদিত্য অশোক ও জ্যাকব ডাফি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

