ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার মিশনে আরও একধাপ এগিয়ে গেল লিভারপুল। আর্সেনালের ব্যর্থতায় পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করল রেডরা। অন্যদিকে লিগে জয়ের ধারায় ফিরেছে ম্যানসিটি ও ইউনাইটেড।
অ্যানফিল্ডে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ১১ মিনিটে ডিমিনিক সোবোসলাইয়ের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৩ মিনিটে
মার্সিসাইডের ক্লাবটির হয়ে শেষ গোল করেন আর্জেন্টাইন তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টার৷ লিভারপুলের জয়ের দিনে নটিংহামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। আগের ম্যাচে ওয়েস্টহামের কাছে ১-০ গোলে হেরেছিল গানাররা। ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে তারা ৷ এক ম্যাচ বেশি খেলা লিভারপুলের সংগ্রহ ৬৭ পয়েন্ট।
টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে সফরকারীদের হয়ে জয়সূচক গোলটি করেন আর্লিং হাল্যান্ড৷ এর মাধ্যমে এক ম্যাচ পর জয়ে ফিরল সিটিজেনরা। গত ২৩ ফেব্রুয়ারি লিভারপুলের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল পেপ গার্দিওলার শিষ্যরা।
ক্রিস্টাল প্যালেট ও টটেনহামের কাছে হারের পর এভারটনের সঙ্গে ড্র, এমন বাজে অভিজ্ঞতা নিয়ে ইপ্সউইচের বিপক্ষে মাঠে নামে ইউনাইটেড ৷ এবার আর কোনো অঘটনের শিকার হয়নি তারা। ৩-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে রুবেন আমোরিমের দল ৷ ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিকদের হয়ে একবার করে জালের দেখা পান মাথিয়াস ডি লিট ও হ্যারি মাগুইরে। বাকি গোলটা আত্মঘাতি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

