সেঞ্চুরিয়নে প্রথম দুই দিনেই লড়াই থেকে অনেকটা ছিটকে গিয়েছিল বাংলাদেশ। বাস্তবতার বিচারে তৃতীয় দিন বাংলাদেশের সামনে লক্ষ্য এসে দাঁড়ায় ইনিংস ব্যবধানে হার এড়ানো। সেই লক্ষ্যে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং মাহফিজুল ইসলাম রবিন। ৫৮ রানের ওপেনিং জুটি গড়েন তারা। তবে এই জুটি ভাঙতেই আবার বিপর্যয়ে বাংলাদেশ।
৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত ৩ উইকেটে ১০৯ রান করেছে বাংলাদেশ। প্রোটিয়াদের চেয়ে এখনও ২৯৪ রানে পিছিয়ে সফরকারীরা। ২৩ রান করা শান্তর সঙ্গে উইকেটে আছেন হৃদয়।
গতদিন ৭ উইকেটে ৪৯৪ রান নিয়ে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ আর ব্যাটিংয়ে নামেনি তারা।
ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করে বাংলাদেশ। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন তারা। ব্যক্তিগত ২১ রানে একবার জীবন পান মাহফিজুল। রাবাদার বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন মাহফিজুল। তবে তা ধরতে পারেননি মার্করাম।
২৪ রানে আবারও জীবন পান মাহফিজুল। আনরিখ নরকিয়ার বলে গালিতে তার কঠিন ক্যাচ নিতে পারেননি ফিল্ডার। ভাগ্যক্রমে পঞ্চাশ পেরোয় বাংলাদেশের ওপেনিং জুটি।
দলীয় ৫৮ রানে তানজিদের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। মুল্ডারের অফ স্টাম্পের বাইরের সাদামাটা ডেলিভারিতে ব্যাট চালিয়ে দিয়ে কিপার রায়ান রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন তানজিদ। ৪৮ বলে চার চারে করেন ২৯ রান।
মুমিনুল হকের বাজে ফর্ম চলমান থেকেছে এই ইনিংসেও। কোনো রান না করেই ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। মুল্ডারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন এই ব্যাটার।
তানজিদ হাসান ও মুমিনুল হক বিদায় নেওয়ার পর মার্কো ইয়ানসেনের বলে আম্পায়ার্স কলে থামেন মাহফিজুল ইসলাম। বাঁহাতি পেসারের বলে শট খেলেননি মাহফিজুল। ভেতরে ঢুকে তার প্যাডে ছোবল দেয় বল। জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন বাংলাদেশের ওপেনার। তাতে কাজ হয়নি। বেল ছুঁয়ে যেত বল। ৬২ বলে সাত চারে ৩৮ রান করেন মাহফিজুল।
প্রথম সেশনের বাকিটা সময় হৃদয়কে নিয়ে পার করে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

