চার বছরে ফুটবলের অনেক সমীকরণ বদলে যায়। ২০২২ কাতার বিশ্বকাপে জুলিয়ান আলভারেজ ছিলেন আর্জেন্টিনার আক্রমণভাগের বিকল্প অপশন। লাউতারো মার্তিনেজের পেছনে অপেক্ষা করতে হয়েছে সুযোগের জন্য। তবে সময়ের সঙ্গে বদলে গেছে তার অবস্থান। এখন তিনি আর্জেন্টিনার প্রথম একাদশের অবিচ্ছেদ্য অংশ এবং সামনে বিশ্বকাপ ধরে রাখার বড় লক্ষ্য।
কাতার বিশ্বকাপের শুরুটা আলভারেজের জন্য সহজ ছিল না। সৌদি আরবের বিপক্ষে হার ও মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। পরে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে সুযোগ পেয়ে গোল করেন। এরপর থেকেই মূল একাদশে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেন রিভার প্লেটের এই তরুণ ফরোয়ার্ড। ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচেই ছিলেন শুরু থেকে।
ম্যানচেস্টার সিটি ছেড়ে বর্তমানে অ্যাতলেটিকো মাদ্রিদে খেলছেন আলভারেজ। ইউরোপীয় ফুটবলেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ক্যারিয়ারে জিতেছেন কোপা লিবার্তাদোরেস, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা আমেরিকার মতো বড় ট্রফি। জাতীয় দলের জার্সিতেও ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
২০২২ বিশ্বকাপে চার গোল করেছিলেন আলভারেজ। বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে তার জোড়া গোল এখনো আর্জেন্টিনা সমর্থকদের মনে উজ্জ্বল। এবারও বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন দেখছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার লক্ষ্য নিয়ে আলভারেজ বলেন, ‘একজন আর্জেন্টাইন হিসেবে উত্তেজনা সবসময় থাকে এবং আমরা সবসময় চ্যাম্পিয়ন হতে চাই। এবারও তার ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই। আমরা ফাইনালে যেতে চাই। জানি এটা সহজ হবে না, কিন্তু আমরা ধাপে ধাপে এগোতে চাই।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাওয়া দারুণ এক অনুভূতি। আমরা অবশ্যই ট্রফিটা নিজেদের কাছেই রাখতে চাই এবং দেশের মানুষকে আবার আনন্দ দিতে চাই।’
বিশ্বকাপে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি এখন পর্যন্ত গড়তে পেরেছে মাত্র দুটি দল—ইতালি ও ব্রাজিল। এবার সেই তালিকায় নিজেদের নাম লেখাতে চায় আর্জেন্টিনা। আলভারেজের মতে, সেটা সম্ভব হলে বর্তমান প্রজন্মের জন্য ইতিহাস তৈরি হবে।
তার ভাষায়, ‘আমরা যদি আবারও বিশ্বকাপ জিততে পারি, তাহলে সেটা ইতিহাস হয়ে থাকবে। পাশাপাশি দুটি কোপা আমেরিকা ও টানা দুই বিশ্বকাপ—এটা সত্যিই বিশেষ কিছু হবে। গত কয়েক বছর আমাদের দেশের জন্য স্বর্ণযুগের মতো কেটেছে।’
এদিকে লিওনেল মেসির বিশ্বকাপ খেলা নিয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা না মিললেও ধারণা করা হচ্ছে, তাকে রেখেই দল সাজাবে আর্জেন্টিনা। অনেকের মতে, এটিই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। সেই প্রসঙ্গে আলভারেজ বলেন, ‘বয়সের কারণে এটা তার শেষ বিশ্বকাপ হতে পারে, তবে সিদ্ধান্তটা একান্তই তার। কিন্তু এটা নিশ্চিত, এই বিশ্বকাপ বিশেষ হতে যাচ্ছে। শুধু আমাদের জন্য নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

