মাঠের লড়াইয়ে ফেভারিট ছিল বার্সেলোনাই। কিন্তু ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখলে শক্তি হারিয়ে ফেলে কাতালানরা। ১০ জন নিয়ে ৮০ মিনিটের মতো লড়াই করে শেষে জয় নিয়ে ফিরেছে অতিথি বার্সা।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেছেন রাফিনহা। এখন শেষ ষোলোতে উঠার লড়াইয়ে এগিয়ে থেকে নিজেদের মাঠে ফিরতি লেগ খেলতে নামবে বার্সা।
অন্যদিকে ম্যাচজুড়ে দুর্দান্ত খেললো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু দুর্ভাগ্য গোলের দেখা মিলল না। উল্টো গোল হজম করেছে। আর এ কারণেই লিভারপুলের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছেড়েছে পিএসজি।
নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে সুযোগের পর সুযোগ হাতছাড়া করেছে তারা। গোলপোস্টে ২৭টি শট নিয়েও কোনো গোলের দেখা পায়নি প্যারিসের জায়ান্ট ক্লাবটি। বিপরীতে পুরো লড়াইয়ে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল লিভারপুল। তাতেই বাজিমাত করে দ্য রেড শিবির আদায় করে নিয়েছে জয়সূচক গোলটি।
বায়ার লেভারকুসেন হার মেনেছে বায়ার্ন মিউনিখের কাছে। আলিয়াঞ্জ এরেনায় বায়ার্ন জয় ছিনিয়ে নিয়েছে ৩-০ গোলে। মাঠের লড়াইয়ে জোড়া গোলের নৈপুণ্য উপহার দিয়েছেন হ্যারি কেইন। দলের হয়ে বাকি গোলটি এনে দেন জামাল মুসিয়ালা।
রাতের প্রথম ম্যাচে ফেয়েনুর্দকে ২-০ গোলে ধরাশায়ী করেছে ইন্টার মিলান। ইন্টারের জার্সিতে ম্যাচের ৩৮ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন মার্কুস থুরাম। বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন লাওতারো মার্তিনেজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

