আন্তর্জাতিক ক্রিকেটে প্রচলিত টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রমী একটি ফরম্যাট—‘টেস্ট টোয়েন্টি’। ক্রিকেটের দীর্ঘতম ও ক্ষুদ্রতম সংস্করণের সমন্বয়ে তৈরি এই ফরম্যাটের মূল আকর্ষণ হলো—একই দলের হয়ে মাঠে নামবেন ছেলে ও মেয়েরা এবং দুদলের সম্মিলিত রান স্কোরই নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য।
আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে উদ্বোধনী এই আসর। এতে ১৩ থেকে ২১ বছর বয়সি সব মিলিয়ে ১৬০ জন উদীয়মান ক্রিকেটার অংশ নিচ্ছেন।
এই ফরম্যাটে প্রতিটি মহাদেশীয় দলে ৪০ জন করে খেলোয়াড় থাকবেন—যার মধ্যে ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে আলাদা স্কোয়াডে বিভক্ত থাকবেন।
ম্যাচে ছেলেদের একাদশ খেলবে ছেলেদের বিপক্ষে এবং মেয়েদের একাদশ খেলবে মেয়েদের বিপক্ষে। তবে ফল আলাদাভাবে নির্ধারিত হবে না। দুই ইনিংসে ছেলে ও মেয়েদের রান যোগ করে তৈরি হবে দলের একটি সম্মিলিত স্কোর। যাদের মোট রান বেশি হবে, বিজয়ী হবে তারাই। উদাহরণস্বরূপ—মেয়েদের ২০ ওভারে ১২০ এবং ছেলেদের ২০ ওভারে ১৮০ রান হলে সম্মিলিত স্কোর হবে ৩০০।
ম্যাচটি হবে এক দিনে এবং মোট ৮০ ওভারের। খেলাটি দুই পর্বে বিভক্ত থাকবে—প্রথম ৪০ ওভার খেলা হবে দিনের আলোয়, লাল বলে এবং সনাতন সাদা পোশাকে। পরের ৪০ ওভার খেলা হবে ফ্লাডলাইটের আলোয়, সাদা বলে ও রঙিন পোশাকে। তবে দুপর্বের রানই দলের চূড়ান্ত স্কোরের সঙ্গে যুক্ত থাকবে।
ছেলে ও মেয়েদের ইনিংস হবে ২০ ওভারের। প্রতিটি একাদশে সর্বোচ্চ পাঁচজন বোলার ব্যবহার করা যাবে, যার মধ্যে একজন বোলার সর্বোচ্চ ছয় ওভার করতে পারবেন। এছাড়া টসের মাধ্যমে শুধু কে আগে ব্যাটিং করবে তা-ই নয়, বরং ছেলেদের না মেয়েদের একাদশ আগে মাঠে নামবে, সেটিও নির্ধারিত হবে।
আয়োজকদের মতে, ছেলে ও মেয়েদের ক্রিকেটকে একই প্রতিযোগিতার ও একই স্কোরবোর্ডের অংশ করার মাধ্যমে ক্রিকেটে সমান অংশগ্রহণ ও গুরুত্ব নিশ্চিত করাই এই নতুন ফরম্যাটের মূল লক্ষ্য। টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা গৌরব বাহিরওয়ানি জানিয়েছেন, ছেলে ও মেয়েদের পারফরম্যান্স যেন যৌথভাবে ম্যাচের ফল নির্ধারণে সমান ভূমিকা রাখে, সে ভাবনা থেকেই এটি তৈরি করা হয়েছে।
টুর্নামেন্টের গ্লোবাল সিলেকশন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের কোচ রাজকুমার শর্মা। এছাড়া এর উপদেষ্টা বোর্ডে যুক্ত রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন ও স্যার ক্লাইভ লয়েডের মতো বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা। আয়োজকরা জানান, ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ম্যাচগুলো সনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

