এশিয়ান গেমস

মালয়েশিয়াকে নিয়ে সতর্ক সালাহউদ্দীন

মালয়েশিয়াকে নিয়ে সতর্ক সালাহউদ্দীন

এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ছেলেদের ক্রিকেট অভিযান। দুই দলের সাম্প্রতিক শক্তির পার্থক্য বাংলাদেশের পক্ষে থাকলেও প্রতিপক্ষকে কোনোভাবেই হালকা করে দেখছেন না কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। তাঁর মতে, এ ধরনের টুর্নামেন্টে ছোটখাটো ভুলও ম্যাচের ফল বদলে দিতে পারে।

বিজ্ঞাপন

জাপানে সাংবাদিকদের সালাহউদ্দীন বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আপসেট হতেই পারে। একই উইকেটে বারবার খেলা হয়। অনেক সময় টসও একটা ফ্যাক্টর হতে পারে। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত নয়, খেলেই আমাদের জিততে হবে।’

বাংলাদেশ প্রায় ১০ দিন ঘরের মাঠে ক্যাম্প করে এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়েছে। খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচও। এবারের দলে আগের আসরের তুলনায় অভিজ্ঞতা ও শক্তি বেশি। ২০২৩ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া।

সেবার শেষ বলে গড়ানো ম্যাচে মাত্র ২ রানে জিতেছিল বাংলাদেশ। এবার অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সও বাংলাদেশের পক্ষে। কিছুদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল মালয়েশিয়ার জাতীয় দলকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে।

তবে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাক, সেটি চান না সালাহউদ্দীন। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ সেমিফাইনালে উঠবে। কিন্তু কোচ মনে করেন, সরাসরি ম্যাচ খেলে জয় পাওয়াই দলের জন্য বেশি কার্যকর।

তিনি বলেন, ‘ম্যাচ হলে খুবই খুশি হবো। হঠাৎ করে পাঁচ-সাত দিন ম্যাচ ছাড়া থেকে সেমিফাইনাল বা ফাইনালে সরাসরি খেলাটা কঠিন হয়ে যাবে। প্রথম ম্যাচটা আমরা কীভাবে খেলছি, সেখান থেকেই পরের ম্যাচ নিয়ে ভাবব।’

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের প্রত্যাশা বেড়েছে ক্রিকেট ঘিরে। এখন পর্যন্ত উশুতে একটি ব্রোঞ্জ এসেছে, নারী ক্রিকেট দলও পদক জিততে পারেনি। তাই ছেলেদের ক্রিকেট দল জানে, তাদের ঘিরে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। সালাহউদ্দীনও বলছেন, দলের খেলোয়াড়দের মধ্যে সেই বাড়তি দায়িত্ববোধ ও প্রেরণা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন