লিওনেল মেসি আর বার্সেলোনা যেন সমার্থক। কৈশোর থেকেই বার্সেলোনার একাডেমী লা মাসিয়াতে বেড়ে উঠেছেন আর্জেন্টাইন তারকা। স্পেনের নাগরিকত্ব আছে মেসির। চাইলেই স্পেনের হয়ে খেলতে পারতেন। তবে জাতীয় দল হিসেবে মাতৃভূমি আর্জেন্টিনাকেই বেছে নিয়েছেন। জন্মভূমির প্রতি মেসির গর্ব ও আবেগের বিষয়টাই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের জন্য জন্য উদাহরণ হিসেবে তুলে ধরলেন দেশটির কিংবদন্তি ব্রায়ান লারা।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে দুঃসময়ের পালা চলছে অনেক বছর ধরেই। তিন ফরম্যাটেই তাদের যাচ্ছেতাই দশা। চলতি ভারত সফরে প্রথম টেস্টে তারা সাড়ে তিন দিনেই হেরে গেছে ইনিংস ব্যবধানে। এর আগের সিরিজে দেশের মাঠেই হোয়াইটওয়াশড হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। শীর্ষ টেস্ট খেলুড়ে দেশগুলোর কাছে নাস্তানাবুদ হওয়া তাদের নিত্য দিনের চিত্র। ভারতের বিপক্ষে হারের পর ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টন চেইস বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের পতনের কারণ অবকাঠামোর সমস্যা ও অর্থের ভোগান্তি।
অধিনায়কের কথার জের ধরে একই পথে হেঁটেছেন লারাও। ভারতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সর্বকালের সেরা ব্যাটারদের একজন বলেন, ‘কিছু করতে হলে অবশ্যই সেটির জন্য মূলধন লাগবে। অবশ্যই সেটি বড় একটি ব্যাপার। তবে রোস্টন চেইস ও অন্যদের প্রতি আমার তাগিদ, ক্রিকেট কি তারা হৃদয়ে ধারণ করে? তারা কি সত্যিই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চায়? এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এসব থাকলেই কেবল পথ বের করা সম্ভব।’
ক্রিকেটাররা এখন দেশের হয়ে খেলতেই যেন ইচ্ছুক না। তাদের নজর ফ্র্যাঞ্চাইজির দিকে। এদিকটি তুলে ধরে মেসির উদাহরণ টেনে লারা আরও বলেন, ‘আর্জেন্টিনার দিকে যদি তাকান, মেসি তো বেড়ে উঠেছে ইউরোপে। কিন্তু খেলে আর্জেন্টিনার হয়ে। (ক্লাব ফুটবলে) সে খেলেছে বার্সেলোনা, পিএসজিতে, তাকে খেলতে দেওয়া হয়েছে। দক্ষিণ আমেরিকার আরও অনেক ফুটবলারই ইউরো খেলে এবং দেশের হয়েও খেলে, সেটায় গর্ব খুঁজে নেয়।’
ক্রিকেট খেলুড়ে দেশগুলোর উদাহরণ টেনে লারা আরও বলেন, ‘অস্ট্রেলিয়া তো কাজটা ঠিকঠাক করতে পারছে। ইংল্যান্ড পারছে। নিজেদের ক্রিকেটারদের দেশের প্রতি অনুগত রাখতে পারছে। আমাদেরকেও সেটির পথ খুঁজে বের করতে হবে। সত্যিকার অর্থেই যদি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে হৃদয়ে ধারণ করা যায়, অবশ্যই সামনে এগোনোর পথ মিলবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

