সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। অধিনায়ক লিটন দাস অবশ্য হারের পেছনের ব্যাখ্যা দিয়েছেন নিজের মতো করে। বিতর্কিত সিদ্ধান্ত এবং হতশ্রী ব্যাটিং-বোলিংয়ের ব্যাখ্যাটাও দিয়েছেন ম্যাচ শেষেই।
টস হারকে হারের অন্যতম কারণ হিসেবে দায়ী করেছেন লিটন। তার মতে, শুরুর দিকে পিচ সম্পর্কে তেমন ধারণা ছিল না বাংলাদেশের। এ প্রসঙ্গে লিটন বলেন, ‘সর্বশেষ কয়েকদিন ধরে উইকেট খুব একটা রোদ পায়নি এবং পিচ কাভার আপ ছিল। টসে আমরা হেরে গিয়েছি, স্বাভাবিকভাবেই বোলিং দল একটু সুবিধা পেয়েছে। ওই সময় স্টিকি ছিল উইকেটটা। আমার মনে হয় প্রথম ৫-৬ ওভার তারা খুবই ভালো বল করেছে এবং ওখানে আমরা খুব একটা বেশি রান তুলতে পারিনি। যেটা ওদের ব্যাটিং ইনিংসে সহায়তা
করেছে। উইকেটটা আস্তে আস্তে ভালো হচ্ছিল।'
ম্যাচে বোলাররা সুযোগটা কাজে লাগাতে পারেননি দাবি করে তিনি বলেন, ‘হৃদয় ভালো খেলেছে। ও আমাদের জন্য মোমেন্টামটা পরিবর্তন করে দিয়েছিল। তবে আমরা আমাদের বোলিং নিয়ন্ত্রণ করতে পারিনি। আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম বা ব্যাটিং করতাম তাহলে হয়তো বা ডিফারেন্সটা অন্যরকম হতে পারত।’
বাংলাদেশের এমন পারফরম্যান্সের পেছনে আবহাওয়াও কিছুটা নেতিবাচক ভূমিকা পালন করেছে, পরোক্ষভাবে এমন দাবিও করেছেন লিটন, ‘আমরা এখানে আসছিলাম খেলার জন্য। অনেক দিন ধরেই রুমের ভেতর ছিলাম, যা একজন ক্রিকেট প্লেয়ারের জন্য খুব একটা আইডিয়াল না। কারণ আমরা গ্রাউন্ডে আসতে পারিনি এবং কোনো দলকে ফেস করতে পারিনি। যাইহোক, গেমটা হয়েছে এটা খুবই ভালো জিনিস এবং খুব কম্পিটিটিভ গেম হয়েছে। যদিও ক্রিকেটে একটা টিম জিতবে একটা টিম হারবে।’
বাংলাদেশের মতো সেমিফাইনালে খেলা কোনো দলই ম্যাচ পায়নি। সেক্ষেত্রে ম্যাচ না খেলার যুক্তিটি তেমন ধোপে টিকবে না। কারণ পাকিস্তানের জন্যও এটি ছিল প্রথম ম্যাচ। সেক্ষেত্রে লিটন আনলেন টসের প্রসঙ্গ, ‘অনেকদিন কাভার আপ থাকা একটা উইকেটে যখন ২০ ওভার খেলা হবে, তখন আপনি একটা আইডিয়া পাবেন, আমাদের তো কোনো আইডিয়া ছিল না। শেষ কয়েকদিন ধরে আমরা কোনো খেলা দেখিনি এবং উইকেটে প্র্যাকটিস করার সুযোগও নেই। কোনোরকম ধারণা ছাড়া আমরা প্রথম কয়েকটা ওভার খেলেছি। পরে আস্তে আস্তে ব্যাটাররা আইডিয়া পেয়েছে। পাকিস্তান তো শুরুতে ব্যাটিং করেনি, বোলিং করেছে। টসটা একটা জটিল বিষয় ছিল।’
এই ম্যাচের স্কোরবোর্ডে তোলা ১১১ রানকে জয়ের জন্য যথেষ্ট মানছেন লিটন। কিন্তু সেই সঙ্গে আক্ষেপ করলেন, আমরা যদি একটু বোলিং আরেকটু ভালো করতাম তাহলে ম্যাচটা অন্যকিছু হতো।
দুই ওভারে ৪১ রান খরচা করা বোলার মুস্তাফিজের পাশেই দাঁড়িয়েছেন অধিনায়ক। বললেন, ‘অনেক বছর ধরে ও আমাদের দলের সেরা বোলার। ক্রিকেটে আপনি কখনো একইভাবে এগোতে পারবেন না, উত্থান-পতন থাকবে। আমার কাছে মনে হয় তার জন্য আজকের দিনটা খুব একটা ভালো ছিল না।’
প্রথম ওভারে ১৮ রান দেওয়ার পরও স্পিন ফ্রেন্ডলি উইকেটে স্পিনারদের বল না দিয়ে মুস্তাফিজকে আরেকটি ওভার দেওয়া প্রসঙ্গটা এভাবে বিশ্লেষণ করলেন অধিনায়ক লিটন-‘আজকে মুস্তাফিজ ৩ উইকেট পেলে আপনি এই প্রশ্ন করতেন না। আমার কাছে সেরা অপশন মুস্তাফিজ মনে হয়েছে, আমি করিয়েছি। আপনার কাছে যদি কখনো মনে হয় অন্য অপশন বেস্ট, আপনি করাবেন।’
স্বর্ণ জেতার সুযোগ হাতছাড়া করে আক্ষেপ নিয়ে লিটন বলেন, ‘যখন দেশ ছেড়েছি, বলছিলাম যে আমরা ফাইনাল খেলতে চাই। ওই জায়গাটায় আমরা যেতে পারিনি। এমন সুযোগ তো সব সময় পাওয়া যায় না। আজকে সুযোগ ছিল আমাদের হাতে, কিন্তু আমরা ভালোভাবে কাভার আপ করতে পারিনি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

