এ মাসে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচে খেলার কথা ছিল প্রবাসী তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী ও শমিত সোমের। কিন্তু তাদের ছাড়াই নেপাল সফরের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ।
আগের দিনই জাতীয় দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছিলেন, নেপাল সফরে থাকছেন না হামজা। লেস্টার সিটির হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলার সময় পায়ে চোট পান এই মিডফিল্ডার। তার চোট গুরুতর না হলেও জাতীয় দলের হয়ে খেলা থেকে বিরত থাকছেন হামজা।
অন্যদিকে, কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসি ক্লাবে হয়ে খেলেন শমিত। তার সামনে ক্লাব ম্যাচের ব্যস্ততা রয়েছে। তাই জাতীয় দলের হয়ে খেলতে আসেননি। ফলে এই দুই ফুটবলারকে ছাড়াই নেপাল সফরে গেল বাংলাদেশ ফুটবল দল।
আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। এ দুটি ম্যাচের প্রস্তুতির জন্য নেপালের বিপক্ষে ম্যাচ খেলছে কোচ হ্যাভিয়ের কাবরেরার দল। ফিফা র্যাংকিংয়ে ১৭৬তম অবস্থানে নেপাল। আর বাংলাদেশের অবস্থান ১৮৪তম। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল দল
গোলরক্ষক : সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন। ডিফেন্ডার : মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মণ, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন। মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম। ফরোয়ার্ড : আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

