কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ চারের ম্যাচে ভ্যানকোভারের কাছে ২-০ গোলে হেরেছে ইন্টার মিয়ামি। এই হারকে পাশ কাটিয়ে ম্যাচটি বাড়তি হতাশার কারণ হয়ে থাকবে লিওনেল মেসির জন্য। কারণ এদিন একের পর এক আক্রমণ করেও গোল আদায় করে নিতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
প্রতিপক্ষের মাঠ বিসি প্লেসে ১২তম মিনিটে প্রথম ভালো একটি আক্রমণ করেন মেসি। সে আক্রমণ থেকে গোলের দেখা পাননি সাবেক প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ফরওয়ার্ড। সাত মিনিট পর ভ্যানকোভারের ভীত নাড়িয়ে দেন মেসি। বল নিয়ে স্বাগতিকদের বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু অল্পের জন্য গোল করতে ব্যর্থ হন তিনি।
তিন মিনিটের মাথায় ফের সুযোগ আসে মেসির সামনে। সতীর্থ সার্জিও বুসকেটসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিলেও জালে জড়াতে পারেননি। ২৯ মিনিটে মেসির নেওয়া দুরপাল্লার শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। সাত মিনিট পর গোলের জন্য ফের শট নেন। এ যাত্রায় মেসির শট তালুবন্দী করেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক ইয়োহেই তাকাওকা। প্রথমার্ধের শেষদিকে এবং বিরতির পরও মেসির নেতৃত্বে দারুণ সব আক্রমণে যায় ইন্টার মিয়ামি। কিন্তু ভ্যানকোভারের রক্ষণে প্রতিহত হয় অতিথিদের সব চেষ্টা। তাই খালি হাতেই ম্যাচ শেষ করতে হয়েছে মেসি, লুইস সুয়ারেজদের।
ইন্টার মিয়ামের ব্যর্থতার দিনে দুই অর্ধে একবার করে জালের দেখা পায় ভ্যানকোভার। ২৪ মিনিটে ব্রায়ান হোয়াইটের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় স্বাগতিকরা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ব্যবধান বাড়ান সেবাস্তিয়ান বারহাল্টার। ফিরতি লেগে আগামী ১ মে চেজে স্টেডিয়ামে ভ্যানকোভারকে আতিথেয়তা দেবে ইন্টার মিয়ামি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

