চলতি বছরের এপ্রিলে ঘরের মাঠে ভারত বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য সূচি প্রকাশ করেছিল বিসিবি। ওই সূচি অনুযায়ী আগামী ১৩ আগস্ট ভারতীয় দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামে আয়োজিত হওয়ার কথা রয়েছে। তবে নতুন খবর হলো- এই সিরিজ পেছানোর জন্য বিসিবিকে অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক।
তিনি বলেন, ‘আগামীকালকের (আজ) বোর্ড সভায় ভারত সিরিজ নিয়ে কথা হবে। আমরা বিসিসিআই থেকে একটা প্রোপোজাল পেয়েছি। সেটা নিয়ে আলোচনা হবে। এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে এই সিরিজ পিছিয়ে যাবে।’ কবে নাগাদ আবার এই সিরিজ আয়োজন করা হবে সেটা অবশ্য এখনও নিশ্চিত করতে পারেননি। তবে দুই বোর্ড সুবিধামতো সময়ে এই সিরিজ আয়োজন করবে বলে জানা গেছে।
আইসিসির ভবিষ্যত সফরসূচির (এফটিপি) অংশ এই সিরিজ। ফলে সিরিজটি বাতিল হওয়ার সম্ভাবনা শূন্যের কোটায়। সাময়িক সময়ের জন্য স্থগিত করা হলেও সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনে আশাবাদী বিসিবি। তবে এই মুহূর্তে কেন সিরিজটি স্থগিতের অনুরোধ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা ইস্যুর কথা তুলে আপাতত সিরিজ স্থগিতের জন্য বিসিবিকে চিঠি দিয়েছে বিসিসিআই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

