রাফিনহার কথাতে ভেতরে ভেতরে তেতে উঠেছিলেন আর্জেন্টাইনরা। কিন্তু ম্যাচের আগে উত্তপ্ত কথার লড়াইয়ে যোগ দেননি তারা। তবে ম্যাচ শেষে হাস্যোজ্জ্বল উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এনজো ফার্নান্দেজ লেখেন, ‘পরেরবার বিনয়ী থেকো রাফিনফা।’ সঙ্গে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত করেছেন আর্জেন্টাইন এ মিডফিল্ডার, ‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য ধন্যবাদ বাংলাদেশ। এই জয় আপনাদেরও।’ শেষে জুড়ে দেন আর্জেন্টিনা ও বাংলাদেশর পতাকা।
ম্যাচের ৩৮ মিনিটে তালিয়াফিকোকে ফাউল করেন রাফিনহা। পারদেস ও রদ্রিগো ডি পলদের নিয়ে তার দিকে তেড়ে গিয়ে নিকোলাস ওতামেন্দি বলেন, ‘কথা কম বলো’। রাফিনহার এ ফাউল নিয়ে তর্কে জড়িয়ে পড়েন ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো ও আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসও। কথার দ্বন্দ্ব চলার সময় পারদেসকে রদ্রিগো বলে বসেন, ‘তুমি খুব খারাপ মানুষ।’ জবাবে পারদেস দিয়েছেন বৈশ্বিক ও মহাদেশীয় শিরোপা জয়ের খোঁচা, ‘আমার একটি বিশ্বকাপ ও দুটো কোপা আমেরিকা আছে। তোমার কিছুই নেই।’
রাফিনহার হুঁশিয়ারিটা ঠিক হজম করতে পারেননি আর্জেন্টাইন কোচ স্কালোনি। তবে জয়ের পর ক্ষমা করে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকাকে, ‘এটা ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচ নিয়ে এমনসব কথা বলার দরকার নেই। আমরা সে জন্য এভাবে খেলিনি। আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি। কারণ, আমি জানি সে ইচ্ছা করে এটা বলেনি; সে তার দলের হয়ে বলেছে।’
নিজেদের এ জয়কে দলীয় পারফরম্যান্সের ফসল হিসেবেই দেখছেন স্কালোনি, ‘এটা দলীয় জয়। আমরা দল হিসেবে খেলেছি বলেই ব্রাজিলকে হারাতে পেরেছি। এমন খেলোয়াড়দের হারানোর এটাই উপায় দলগত খেলা। তবে বলতে পারব না এটাই সেরা জয় কী না। দারুণ একটা ম্যাচ আমরা খেলেছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

