২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। চোটের কারণে ওই ম্যাচ দুটির দলে ছিলেন না লিওনেল মেসি। যদিও দলে ফিরতেও বেশি সময় লাগল না কাতার বিশ্বকাপজয়ী অধিনায়কের।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মেসিকে ফিরিয়ে আসন্ন ম্যাচ দুটির জন্য দল ঘোষণা করেছেন লা আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল মেসি। এর মাধ্যমে দুই ম্যাচ পরই দলে ফিরলেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। মেসি ছাড়াও দলে ফেরানো হয়েছে জিওভানি লো সেলসো, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস ডমিনগেসকে। দলে জায়গা হয়নি পাওলো দিবালার। ইনজুরির কারণে সবশেষ দুটি ম্যাচেও দলে ছিলেন না এই ফরওয়ার্ড।
নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ৫ জুন চিলির আতিথেয়তা নেবে আর্জেন্টিনা। ১০ জুন ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে তারা। ল্যাটিন আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ৩১ পয়েন্ট নিয়ে এই অঞ্চলের টেবিলের শীর্ষে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে ১০ জয় এবং এক ড্র তাদের সঙ্গী। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর। সমান ২১ পয়েন্ট নিয়ে তিন ও চারে অবস্থান করছে যথাক্রমে উরুগুয়ে ও ব্রাজিল। কলম্বিয়ার অবস্থান ছয়ে। তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। ১০ পয়েন্ট নিয়ে দশে আছে চিলি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

