দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা।
দলীয় ৫৫ রানে চতুর্থ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই সফরকারী দলকে চেপে ধরেছেন তানাকা চিভাঙ্গা। ৪ উইকেটের মধ্যে তিনটাই নেন তিনি। দলীয় ৩ রানে টনি ডি জর্জিকে ব্রায়ান বেনেটের ক্যাচে পরিণত করেন এই ডানহাতি পেসার। সাজঘরে ফেরার আগে কোনো রান করতে পারেননি প্রোটিয়া ওপেনার।
এরপর ১৩ রান করা ম্যাথু ব্রেজকেকে ফেরান চিভাঙ্গা। ব্রেজকেও বিদায় নেন বেনেটের হাতে ক্যাচ দিয়ে। ৩১ বছর বয়সী পেসারের তৃতীয় শিকার হন ডেভিড বেডিংহাম। এই মিডলঅর্ডার ব্যাটারও রানের খাতা খুলতে পারেননি।
২৩তম ওভারে চতুর্থ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন উইয়ান মুল্ডার। এক চারের সাহায্যে ১৭ রান করেন এই টপঅর্ডার ব্যাটার। এই রিপোর্ট লেখার সময় ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮০ রান। লুয়ান দ্রে প্রিটোরিয়াস ৩৫ ও দেওয়াল্ড ব্রেভিস ৯ রানে ব্যাট করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

