এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই

ভিয়েতনাম-বাংলাদেশ ম্যাচ আজ

ভিয়েতনাম-বাংলাদেশ ম্যাচ আজ

আজ ভিয়েতনামে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের ‘সি’ গ্রুপের লড়াই। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম। ভিয়েত ট্রাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা শুরু হবে দুদলের ম্যাচটি। বাংলাদেশের লক্ষ্য বাছাই পর্বের বৈতরণী পেরিয়ে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করা। তাই ভিয়েতনামের বিপক্ষে শুরুটা ভালো করতে চান মোরসালিনরা।
বাংলাদেশের সামনে ভিয়েতনাম শক্ত প্রতিপক্ষ হিসেবেই দাঁড়াবে। দুদলের পরিসংখ্যান সেটাই জানাচ্ছে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১৮৪তম, সেখানে ভিয়েতনাম ১১৩তম। র‌্যাংকিংয়ে ৭১ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের অনূর্ধ্ব-২৩ দলকে হারানো মোটেও সহজ হবে না। শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে দলটি।

বিজ্ঞাপন

বাংলাদেশের যে কঠিন পরীক্ষা নেবেন স্বাগতিকরা- সেটি বলার অপেক্ষা রাখে না। তবে এবার অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে অনেক গুরুত্ব দিয়েছে বাফুফে। দলকে প্রস্তুত করার জন্য ১২ দিনের ক্যাম্পে বাহরাইন পাঠানো হয়। সেখানে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে হারলেও দল ভালো প্রস্তুতি নিয়েছে। আর এই প্রস্তুতিতেই ভিয়েতনাম ম্যাচের জন্য আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। বাফুফের পাঠানো এক ভিডিওতে অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক মোরসালিন জানালেন, ভিয়েতনামের ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত তারা। তিনি বলেন, ‘আমরা এতদিন অপেক্ষা করেছি এই ম্যাচের জন্য। কঠোর পরিশ্রম করেছি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমরা প্রস্তুত। আমাদের একটাই লক্ষ্য ম্যাচটি আমাদের যেভাবেই হোক জিততে হবে।’


বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে আছেন বেশ কিছু প্রবাসী ফুটবলার। লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক হতে পারে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের। এছাড়া প্রবাসী ফাহামেদুল ইসলাম, জায়ান আহমেদ, ফাহমিদ সালিকরা ম্যাচে বেশ প্রভাব ফেলতে পারেন। গ্রুপ পর্বে ৬ ও ৯ সেপ্টেম্বর ইয়েমেন ও সিঙ্গাপুরের বিপক্ষে আরো দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।


২০২৬ সালে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব হবে সৌদি আরবে। স্বাগতিক হওয়া সরাসরি টুর্নামেন্টে খেলবে সৌদি। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে আসবে ১৫টি দল। বাছাই পর্বে ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ৪টি রানার্সআপ দল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পাবে। চার দলের ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারলে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তবে রানার্সআপ হলেও তাদের সামনে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন