দারুণ খেলে যাচ্ছিল স্বাগতিক ইন্টার মিয়ামি। আগ্রাসী ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল তারা শুরুতেই। যার ফল পেয়ে যায় দ্রুতই। ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় লিওনেল মেসির ক্লাব। ১৮ মিনিট বাদে গোলদাতা টমাস অ্যাভিলেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে মিয়ামি। সুযোগটা কাজে লাগাতে সময় নেয়নি নিউইয়র্ক সিটি। তিন মিনিট পরই সমতায় ফেরে তারা। বিরতির পর লিড নিয়ে ফেললে জয়ের সম্ভাবনাই উঁকি দিয়েছিল সফরকারী দলটির সামনে। আর হারের শঙ্কাই পেয়ে বসেছিল মেসি-সুয়ারেজদের।
নিউইয়র্ক সিটি লিডটা নিয়ে পেরিয়ে যায় ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট। পরে ১১ মিনিটের ইনজুরি টাইমের ৯ মিনিটও ২-১ গোল পার্থক্যে কাটিয়ে ফেলে তারা। তবে ম্যাচ শেষের ২ মিনিট আগে খেলায় ফেরে ১০ জনে পরিণত হওয়া ফ্লোরিডার ক্লাবটি। জাদুকরী পারফরম্যান্স উপহার দেন মেগাস্টার মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের রক্ষণচেরা পাসে নিউইয়র্কের গোলকিপারের মাথার ওপর দিয়ে স্কোর লেভেল করে ফেলেন তেলাসকো সেগোভিয়া। সে সুবাদেই ২-২ গোলের ড্রয়ে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু করল ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি। এতে নিজের এমএলএস অভিষেকে মিয়ামিকে একটি পয়েন্ট এনে দিলেন কোচ হ্যাভিয়ের মাচেরানো।
নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে রোববার সকালে ইন্টার মিয়ামির হয়ে টমাস অ্যাভিলেসের করা প্রথম গোলেও সহায়তা করেন মেসি। পেনাল্টি বক্সে মেসি বাঁ পায়ে পাস দেন অ্যাভিলেসকে। সুযোগটা পেয়ে সেটা আর মিস করেননি ২১ বছরের এ আর্জেন্টাইন ডিফেন্ডার। ২৬ মিনিটে মিতজা ইলেনিচ জালের সন্ধান পেলে ১-১ গোলে সমতায় ফেরে নিউইয়র্ক সিটি। পরে ক্লাবটি এগিয়ে যায় লড়াইয়ের ৫৫ মিনিটে। গোল এনে দেন এবার আলোনসো মার্তিনেজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

