আর্জেন্টিনার হাতে বিশ্বকাপের টিকিট নাকি ব্রাজিলের প্রতিশোধ?

আর্জেন্টিনার হাতে বিশ্বকাপের টিকিট নাকি ব্রাজিলের প্রতিশোধ?

সহজভাবে বলতে গেলে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ। কিন্তু লড়াইটা যখন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের তখন এতো সহজভাবে বলার সুযোগ কি আছে! মোটেও না। কারণ এই দুই দলের লড়াই মানেই তো টানটান উত্তেজনা। ময়দানি লড়াইয়ের আগে যে উত্তেজনা ছাড়িয়ে যায় দুই দলের ভক্তদের মধ্যে। চায়ের কাপে চলে কথার লড়াই।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার ম্যাচকে ঘিরেও এর ব্যতিক্রম হচ্ছে না। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট পাওয়ার মিশনে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটির ভেন্যু বুয়েন্স আয়ারসের এস্তাদিও মনুমেন্টাল। দর্শকপ্রিয় ম্যাচটিকে সামনে রেখে এরই মধ্যে ফুটবলীয় আবহ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যাচটিতে পছন্দের দলকে এগিয়ে রাখছেন ভক্তরা। মাঠের খেলায় ফল যেমনই হোক, তর্কে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়।

বিজ্ঞাপন

ঐতিহ্যগত লড়াইকে ছাপিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটি এবার একটু ভিন্ন মাত্রাই পাবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে বেশ নির্ভার থাকছে লা আলবিসেলেস্তেরা। কারণটা বেশ যৌক্তিক। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের শীর্ষে আছে আর্জেন্টিনা। আরও সহজভাবে বলতে গেলে বিশ্বকাপের টিকিট পাওয়ার খুব কাছে আছে তারা। আর মাত্র এক পয়েন্ট পেলেই এই অঞ্চলের প্রথম দল হিসেবে আসন্ন বিশ্বকাপে জায়গা করে নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অর্থ্যাৎ ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই চলবে তাদের। যেটা অনুমিতভাবেই চাপমুক্ত রাখবে আর্জেন্টিনাকে।

১৩ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ২৮ পয়েন্ট। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ইকুয়েডর। তিনে আছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের সংগ্রহ ২১ পয়েন্ট। টেবিলের পরের দুটি স্থানে আছে উরুগুয়ে এবং প্যারাগুয়ে। উভয় দলের নামের পাশে শোভা পাচ্ছে ২০ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে ছয়ে আছে কলম্বিয়া। উপরের পরিসংখ্যানগুলো প্রমাণ করছে, বিশ্বকাপে জায়গা করে নিতে চাইলে পরবর্তী ম্যাচগুলোতে কঠিন পরীক্ষা দিতে হবে ব্রাজিলকে। তাই প্রতিবেশী আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন ম্যাচে চনমনে ভাব নিয়ে থাকার সুযোগ পাচ্ছে না দরিভাল জুনিয়রের শিষ্যরা।

আসন্ন ম্যাচটিকে ব্রাজিলের জন্য ক্ষতে প্রলেপ দেওয়ার মিশনও বলা যেতে পারে। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম লেগে ২০২৩ সালের নভেম্বরে ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। এবার তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সে হারের প্রতিশোধ দিতে মুখিয়ে আছে ব্রাজিল। তবে প্রথম লেগের পুনরাবৃত্তি হলে বিশ্বকাপ খেলার পথে পিছিয়ে পড়বে সাবেক চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার আসন্ন দ্বৈরথে পুরনো আমেজ খুঁজে না পাওয়া গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ চোট ও কার্ডজনিত ইস্যুতে ম্যাচটিতে থাকবেন না দুই দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। এই তালিকায় আছে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, আলিসন বেকারদের মতো কয়েক মুখ। এরপরও ম্যাচটি যখন আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার তখন বুধবার ভোরে সারা দুনিয়ার ফুটলপ্রেমীদের চোখ আটকে থাকবে বুয়েন্স আয়ারসের এস্তাদিও মনুমেন্টালে সেটা বলার অপেক্ষা রাখে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন