বুলাওয়েতে প্রোটিয়াদের রানের পাহাড়

বুলাওয়েতে প্রোটিয়াদের রানের পাহাড়

শুরুটা মোটেই ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। তানাকা চিভাঙ্গার পেস তোপে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছিল অতিথি দলটি। ৫৫ রান তুলতে খুইয়ে ফেলেছিল তারা ৪ উইকেট। কিন্তু বুলাওয়েতে প্রথম টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে রানের পাহাড় গড়ে ফেলেছে প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে ৪১৮ রান সংগ্রহ করে ফেলেছে সফরকারীরা। পঞ্চম উইকেটে ব্রেভিস-প্রিটোরিয়াস গড়েন ৯৫ রানের পার্টনারশিপ। আর সপ্তম উইকেটে করবিন-প্রিটোরিয়াস লেখেন ১০৮ রানের দারুণ এক জুটির গল্প। সেঞ্চুরি হাঁকিয়েছেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। অভিষেক টেস্ট খেলতে নেমেই জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এ তরুণ ব্যাটসম্যান।

১৯ বছর ৯৩ দিন বয়সে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রিটোরিয়াস। দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন তিনি। টেস্টে সবচেয়ে কম বয়সে দেড়শ ছোঁয়া ইনিংসের কীর্তিও এখন তার। এই রেকর্ডটা এতদিন ছিল পাকিস্তানের গ্রেট জাভেদ মিয়াঁদাদের।

সব মিলিয়ে টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড মোহাম্মদ আশরাফুলের। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকেই ১৭ বছর ৬৩ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আশরাফুল- ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে।

১৬০ বলে ১১ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে গেছেন প্রিটোরিয়াস। তাকে সঙ্গ দিয়ে ফিফটি হাঁকিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। করবিন বোশ সেঞ্চুরি হাঁকিয়ে (১০০) টিকে আছেন ক্রিজে।

সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ৪১৮/৯, ৯০ ওভার (প্রিটোরিয়াস ১৫৩, করবিন ১০০ ব্যাটিং, ব্রেভিস ৫১; চিভাঙ্গা ৪/৮৩ ও মুজারাবানি ২/৫৯)। * প্রথম দিন শেষে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন