আলবার বিদায়ের ঘোষণায় আবেগাক্রান্ত মেসি

আলবার বিদায়ের ঘোষণায় আবেগাক্রান্ত মেসি

লিওনেল মেসির সঙ্গে জর্দি আলবার বন্ধুত্বের গল্প শুরু বার্সেলোনা থেকে। কাতালান ক্লাবটির হয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন মেসি ও আলবা। এখন খেলছেন ইন্টার মিয়ামির হয়ে। এই মৌসুমে শেষেই ছিন্ন হতে যাচ্ছে দুজনের মাঠের রসায়ন। চলতি মৌসুম শেষেই যে ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আলবা। প্রিয় বন্ধুর এমন ঘোষণায় আবেগাক্রান্ত হয়ে পড়েছেন মেসি।

বিজ্ঞাপন

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এমএলএসে চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান আলবা। নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় আলবা বলেন, ‘সত্যিই আমার জীবনের একটি অর্থবহ অধ্যায় এখন শেষ করার সময় এসেছে। এই মৌসুম শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমি।’

আলবা এই সিদ্ধান্ত জানানোর পর আবেগপ্রবণ মন্তব্য করেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমারসহ তার বর্তমান ও সাবেক সতীর্থরা। মেসির সঙ্গে আলবা বার্সেলোনায় লম্বা সময় খেলেছেন। স্পেনের ক্লাবটির হয়ে তারা একসঙ্গে পাঁচটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ ও পাঁচটি কোপা দেল রে শিরোপা জেতেন।

আলবার ভিডিও বার্তার মন্তব্যে নিজের প্রতিক্রিয়ায় মেসি লেখেন, ‘ধন্যবাদ, জর্দি। তোমাকে খুব মিস করব। এত বছর একসঙ্গে খেলার পর এখন বাঁ দিকে তাকিয়ে তোমাকে না দেখাটা খুব অদ্ভুত লাগবে। এত বছর ধরে কতশত গোলে তুমি আমাকে সহায়তা করেছে, তা বিশ্বাসই হয় না! এখন পেছন থেকে কে দেবে এমন পাস?’

মেসির ক্যারিয়ারে সব মিলিয়ে ৩৩টি গোলে সহায়তা করেছেন আলবা। মেসিকে এর চেয়ে বেশি গোলে সহায়তা করেছেন শুধু তিনজন—লুইস সুয়ারেজ (৬০), দানি আলভেস (৪২) ও আন্দ্রেস ইনিয়েস্তা (৩৭)।

৩৬ বছর বয়সী আলবার অবসরের ঘোষণার ভিডিও বার্তায় তার মায়ামি সতীর্থ ও উরুগুয়ে কিংবদন্তি লুইস সুয়ারেজ লেখেন, ‘ভাই, কী বলব! তুমি দারুণ। বাকি সময়টা উপভোগ করো।’ নেইমার মন্তব্য করেন, ‘তুমি অসাধারণ, ভাই। আলিঙ্গন রইল।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...