ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌঁড়ে টিকে ছিল আর্সেনাল। যদিও টানা ব্যর্থতার শিরোপা দৌড় থেকে একরকম ছিটকে গেছে গানাররা। নিজেদের সবশেষ ম্যাচে ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। ইংল্যান্ডের শীর্ষ লিগে এ নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন থাকল তারা।
লিগে আগের দুই ম্যাচে একটি করে ড্র এবং হারের স্মৃতি নিয়ে ওল্ড ট্রাফোর্ডে জয়ের জন্য মরিয়া ছিল আর্সেনাল। এদিন মাঠের পারফরম্যান্সে প্রভাব বিস্তার করেছে সফরকারীরা। যদিও কাঙ্খিত তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি লন্ডনের ক্লাবটি।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে পিছিয়ে পড়ে আর্সেনাল। ইউনাইটেড শিবিরে আনন্দের উপলক্ষ্য এনে দেন ব্রুনো ফার্নান্দেজ৷ ৭৪ মিনিটে ডেকলান রাইসের কল্যাণে ম্যাচে ফেরে আর্সেনাল। বাকি সময়ে আর কোনো দল জালের ঠিকানায় বল জড়াতে পারেনি।
যথারীতি টেবিলের দুইয়ে অবস্থান করছে আর্সেনাল। ২৮ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। নাটকীয় কিছু না হলে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলবে আর্নে স্লটের দল। ১৪ নম্বরে আছে ইউনাইটেড। তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

