ক্লাব বিশ্বকাপের পরিধি বেড়েছে। বেড়েছে প্রতিদ্বন্দ্বিতাও। বিশ্বের নামি-দামি ক্লাবগুলো যুক্তরাষ্ট্রের মাঠে নেমেছে শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে। কিন্তু তারপরও দর্শক টানতে পারেনি ফিফা। পেশাদার ক্লাব ফুটবল আর আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচি পেরিয়ে ফুটবলারদের এখন বিশ্রাম নেওয়ার সময়। কিন্তু জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বাধীন ফুটবলের অভিভাবক সংস্থাটি এখন তাদের নামিয়ে দিয়েছে শিরোপা জয়ের মিশনে। যে কারণে তারকা ফুটবলাররাও ঠিক সেভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না মাঠের লড়াইয়ে।
ক্লাব ফুটবলের বৈশ্বিক আসর নিয়ে ক্রীড়াপ্রেমীদের নেই কোনো আগ্রহ। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফাও ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে। তারপরও ফিফা পরিকল্পনা হাতে নিয়েছে আরো একটি টুর্নামেন্ট আয়োজনের। অর্থ আয়ের নেশায় মত্ত হয়ে উঠেছে তারা। বিলুপ্ত কনফেডারেশন কাপ ফেরাতে চাচ্ছে ফুটবল দুনিয়ার নিয়ন্ত্রক সংস্থাটি। চার বছর পরপর আয়োজন করতে চায় টুর্নামেন্টটি। তাতে অংশ নেবে ছয়টি মহাদেশীয় চ্যাম্পিয়ন দেশের সঙ্গে বিশ্বকাপ ও নেশন্স লিগ জেতা দুটি দেশ।
এর পেছনে আরো একটি উদ্দেশ্য রয়েছে ফিফার। লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে ম্যাচ আয়োজন করতে চায় সংস্থাটি। এটা করতে চেয়েছিল ক্লাব বিশ্বকাপেই। কিন্তু সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত। এবার তাদের নতুন পরিকল্পনা আলোর মুখ দেখলে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার সঙ্গে দেখা হয়ে যাবে নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগালের। মেসি-রোনালদোর ম্যাচ মানেই তো বাড়তি উন্মাদনা। থাকবে ফুটবলপ্রেমী ও বিজ্ঞাপনদাতাদের তুমুল আগ্রহ। চারদিক থেকে আয়ও হবে প্রচুর।
বিশ্বকাপের আয়োজক শহরগুলোকে পরিচিত করতেই বাতিল হওয়া টুর্নামেন্টটি ফিরিয়ে আনতে চায় ফিফা। প্রস্তাব অনুযায়ী আসরে খেলার সুযোগ পাবে আটটি দল। ছয় মহাদেশের চ্যাম্পিয়ন দল টুর্নামেন্টের টিকিট পাবে। সে সুবাদে টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার রানারআপ কলম্বিয়া। বিশ্বকাপ ও কোপা আমেরিকা- দুটি টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নই এখন কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এ কারণে মূল আসরে নাম লেখাতে পারবে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া।
নেশনস লিগের শিরোপা জেতা রোনালদোর পর্তুগালের সঙ্গে কনফেডারেশন কাপে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে গোল্ডকাপ জয়ী মেক্সিকো, এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার, আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন আইভোরি কোস্ট ও ওশেনিয়া নেশনস কাপ জেতা নিউজিল্যান্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

