বিসিবি নির্বাচনকে ‘নির্বাচন’ মনে করছেন না তামিম

বিসিবি নির্বাচনকে ‘নির্বাচন’ মনে করছেন না তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে কম জলঘোলা হয়নি। তারপরেও অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। ইতোমধ্যে দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়েছে নির্বাচিতদের। এর মধ্যেই আজ বুধবার বিসিবি নির্বাচন সুষ্ঠ হয়নি দাবিতে দেশের ঘরোয়া ক্রিকেট বর্জনের ডাক দিয়েছেন ঢাকার ক্লাব সংগঠকেরা। রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তামিম ইকবালও। এ সময় বিসিবির নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিস্কার করেন তামিম।

নির্বাচনের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, ‘ধৈর্য ধরলে’ অনেকেই বিসিবি পরিচালক হতে পারতেন। সেই ট্রেন মিস করেছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তামিমের জবাব, ‘আমি নিশ্চিত আমার বিষয়ে আপনাদের কমবেশি ধারণা আছে। আপনি সত্যিই মনে করেন ১৫টা ক্লাব থাকুক বা না থাকুক—আমি যদি নির্বাচনে দাঁড়াতাম, আমার জন্য কেউ ভোট করত না? আমার জন্য বাস ধরা বা না ধরা কখনো বিকল্প ছিল না। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটা স্বচ্ছ নির্বাচন হওয়া। এটাই ছিল আমার স্ট্যান্ড।’

বিজ্ঞাপন

ব্যক্তিগতভাবে নির্বাচনে দাঁড়ালেও জিততেন জানিয়ে আত্মবিশ্বাসী তামিম আরও যোগ করেন, ‘আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ব্যক্তিগতভাবে দাঁড়াতাম, আমার পক্ষে কোন টিম আছে, বিপক্ষে কোন টিম আছে...তারপরও আমি সহজেই পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কারণ, আমি এটা বিশ্বাস করি, আমরা সবাই ক্রিকেটের স্বার্থে আছি।’

নির্বাচন নিয়ে তামিমের ভাষ্য, ‘আমার বক্তব্য পরিষ্কার। আমি মনে করি না যে এটা কোনো ইলেকশন ছিল। যেভাবে জিনিসগুলো ঘটেছে। আমি ছোট্ট একটা পয়েন্ট ধরিয়ে দিতে চাই। আমি যেহেতু দেশের বাইরে গিয়েছিলাম, তাই ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম। মিডিয়ায় দেখতে পাই, আমার ভোট নাকি কাস্ট হয়েছে। এটা ভুল বোঝাবুঝি হতে পারে। এরপর ফেসবুকে একটা স্ট্যাটাস দেই এবং নির্বাচন কমিশনকে একটা ই-মেইল দেই। সেখান থেকে গতকাল (মঙ্গলবার) আমাকে জানানো হয়, আমার ভোট কাস্ট হয়নি।’

‘দ্বিতীয়ত, আমি যদি ভুল না করি তাহলে নির্বাচনে ৪২ বা ৪৩টা ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ৩৪টি ভোটই ছিল ই-ভোট। আপনি সেন্টারে যেতে না পারলে ই-ভোটিংয়ের সুবিধা নিতে পারেন। কিন্তু ৩৪টি ই-ভোট দেওয়া প্রত্যেকেই সেদিন ভোটকেন্দ্রে উপস্থিত ছিল! ১২ জন যারা ডিরেক্টর হয়েছেন, তারা প্রত্যেকে ই-ভোট কাস্ট করেছে। এটার মোটিভ কী? উনাদের কাজ-কর্মেই কিন্তু এসব প্রমাণ হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটকেন্দ্রেই আছেন, তাহলে ই-ভোটিংয়ের প্রয়োজনটা কী?’- আরও যোগ করেন তামিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...