এনএসসি ক্রীড়া পরিচালক জাহেদের বিরুদ্ধে মামলা

এনএসসি ক্রীড়া পরিচালক
জাহেদের বিরুদ্ধে মামলা

সরকারি অফিসে ক্রীড়া সংগঠককে পেটানোয় ঘটনায় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাব্বির মাসুম। দণ্ডবিধির ৩২৫/৩২৬/৩২৯/৩৭৯/৩৮৫/৩০৭/৫০৬(২)/৩৪ ধারায় মামলাটি করেন তিনি।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ৭ অক্টোবর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে নিজ অফিসের ৭ম তলায় লোকবল নিয়ে সাব্বির মাসুমকে বেধড়ক মারধর করেন জাহেদ পারভেজ। তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ এক লাখ ৭৫ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। সেখান থেকে কৌশলে পালিয়ে বাঁচেন সাব্বির মাসুম। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত একজন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষক। এ ঘটনায় থানায় অভিযোগ করেন সাব্বির মাসুম। তবে তার মামলা নেয়নি পল্টন মডেল থানা। তাই আদালতে গিয়ে মামলাটি করেন এই ভুক্তভোগী। এর আগে সংবাদ সম্মেলনে সাব্বির মাসুম দাবি করেন, এনএসসির ক্রীড়া পরিচালক কর্তৃক মারধরের শিকার হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এ ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান অসহায় ওই ক্রীড়া সংগঠক।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন