রকমারি ফুটবলারের দল হংকং

রকমারি ফুটবলারের দল হংকং

ক্রিকেট কিংবা ফুটবল দলে প্রবাসী-অভিবাসী খেলোয়াড়দের নিয়ে দল গঠন নতুন নয়। বিশ্বের অনেক দেশই সে দেশের নাগরিকত্ব পাওয়া ভিনদেশি খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে বৈশ্বিক আসরে অংশগ্রহণ করেছে। হংকং জাতীয় ফুটবল দলও একই পথে হেঁটেছে। তাদের দলটি যেন রকমারি ফুটবলারের মেলা। কেউ ব্রাজিল, কেউ ফ্রান্স, কেউ আবার এসেছেন ক্যামেরুন থেকে। বিশ্বের বিভিন্ন দেশের ১৩ জন ফুটবলার খেলছেন হংকং দলে। তারা ফিফার নাগরিকত্ব ও যোগ্যতা নীতি অনুযায়ী হংকংয়ের নাগরিক। এই দল নিয়েই এশিয়ান কাপ বাছাই খেলতে ঢাকায় এসেছে হংকং। দলের ২৫ ফুটবলারের ১১ জনই বিভিন্ন দেশে বেড়ে ওঠা ফুটবলার।

৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। এরপর ১৪ অক্টোবর একই প্রতিযোগিতার ফিরতি লেগে বাংলাদেশ খেলবে হংকংয়ের মাটিতে। এই দুই ম্যাচে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাধা হতে পারেন এই প্রবাসীরা। বাংলাদেশে আসা ১১ প্রবাসী ফুটবলারের মধ্যে সর্বোচ্চ পাঁচজন ব্রাজিলিয়ান। ইউক্রেন, স্কটল্যান্ড, জাপান, ক্যামেরুন, ফ্রান্স ও স্পেনের আছেন একজন করে।

বিজ্ঞাপন

ব্রাজিলের আছেন ডিফেন্ডার লুইস এদুয়ার্দো, মিডফিল্ডার ফার্নান্দো পেদ্রেইরা, ফরোয়ার্ড এভারটন কামারগো, জুনিনিয়ো ও স্টেফান পেরেইরা। গোলরক্ষক হিসেবে আছেন ইউক্রেনের ওলেক্সি শ্লিয়াকোটিন, রক্ষণভাগে স্কটিশ খেলোয়াড় লিওন জোন্স ও জাপানের শিনইচি চ্যান। মাঝমাঠে ক্যামেরুনের মহামা আওয়াল, ফ্রান্সের মিডফিল্ডার রাফায়েল মারকিস ও আক্রমণভাগে স্প্যানিশ মানোলো ব্লেদা।

এই দলের অন্যতম খেলোয়াড় ব্রাজিলিয়ান বংশোদ্ভূত কামারগো। ২০২৩ সালে হংকং জাতীয় দলে অভিষেক হওয়া এই ফুটবলার এখন পর্যন্ত ১৯ ম্যাচে ১০ গোল করেছেন এবং ১৩ গোলে সহায়তা করেছেন। উইঙ্গার আওয়াল কাউন্টার অ্যাটাক থেকে গোল দিতে পারদর্শী। এরা বাংলাদেশের বিপক্ষে জিততে আত্মবিশ্বাসী। দলের আক্রমণভাগের খেলোয়াড় জুনিনিয়োও বলেন, ‘হংকংয়ের হয়ে খেলা প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে দুবার হারাতে পারলে তা আমাদের এগিয়ে যাওয়ার জন্য হবে দারুণ পদক্ষেপ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...