২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র ১৫ দিন আগে বড় দুশ্চিন্তায় পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রথম ক্লোজড-ডোর অনুশীলন সেশনেই অনুপস্থিত ছিলেন মহাতারকা নেইমার জুনিয়র। ডান পায়ের কাফ মাসেলের চোটের কারণে তাকে মাঠে না নামিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে বিস্তারিত পরীক্ষার জন্য।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে নেইমারের ইমেজিং টেস্ট ও আরও কিছু উন্নত পরীক্ষা করানো হচ্ছে। ফলে বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল। তবে ২০২৩ সালে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। নতুন কোচ কার্লো অ্যানচেলত্তির অধীনেও দীর্ঘ সময় ছিলেন দলের বাইরে। অভিজ্ঞতার কথা বিবেচনায় এনে গত সপ্তাহেই তাকে বিশ্বকাপ স্কোয়াডে ফেরানো হয়েছিল।
কিন্তু গত ১৭ মে সান্তোসের হয়ে দেপোর্তিভো কুরিতিবার বিপক্ষে ম্যাচে কাফে চোট পান এই ফরোয়ার্ড। শুরুতে ইনজুরিটিকে তেমন গুরুতর মনে না হলেও এখন পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে।
ইএসপিএন জানিয়েছে, নেইমারের কাফের ফোলা অংশ পুরোপুরি সেরে উঠতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে। অন্যদিকে কোচ অ্যানচেলত্তি আগেই স্পষ্ট করেছেন, শুধুমাত্র পুরোপুরি ম্যাচ ফিট থাকলেই বিশ্বকাপে সুযোগ পাবেন নেইমার; অতীতের সাফল্য বা আবেগ দিয়ে দলে জায়গা নিশ্চিত হবে না।
এদিকে সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল বোর্ডের পূর্ণাঙ্গ মূল্যায়নের আগে নেইমারের চোট নিয়ে নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

