পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানবিক ও সামাজিক সংগঠন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অংশ হিসেবে সংগঠনের উদ্যোগে ঈদের সকালে রাজধানীর পল্টন এলাকার পথশিশু, সুবিধাবঞ্চিত শিশু ও খেটে খাওয়া রিকশাশ্রমিকদের মধ্যে রান্না করা সুস্বাদু সেমাই বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও সহমর্মিতা। ঈদের এই আনন্দময় সকালে সমাজের সুবিধাবঞ্চিত শিশু এবং দিনমজুর রিকশাশ্রমিক ভাইয়েরা যেন উৎসবের আমেজ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।’
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আব্দুর রহমান ও ফজলুর রহমান মিরাজ। এছাড়া সংগঠনের একঝাঁক প্রাণবন্ত স্বেচ্ছাসেবক এই বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
ঈদের সকালে আকস্মিকভাবে রান্না করা ঈদের ঐতিহ্যবাহী খাবার হাতে পেয়ে পল্টন এলাকার রিকশাশ্রমিক ও শিশুরা অত্যন্ত আনন্দিত হয়। তারা সংগঠনের এই মানবিক উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করেন।
সংগঠনটির নেতারা জানান, আগামীতেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং যেকোনো উৎসব ও দুর্যোগে তারা এমন মানবিক কার্যক্রম নিয়ে মাঠে থাকবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

