ট্রান্সজেন্ডার বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দেওয়া বক্তব্যে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক মাজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নারী ও পুরুষের সৃষ্টিগত পরিচয় আল্লাহর নির্ধারিত বিধানের অংশ। নারী-পুরুষ হিসেবে জন্মগ্রহণকারী কারও লিঙ্গপরিচয় পরিবর্তনের উদ্দেশ্যে অস্ত্রোপচার ও হরমোন প্রয়োগের মাধ্যমে শারীরিক পরিবর্তন সাধন ইসলামী শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের প্রচার-প্রসার ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের পরিপন্থী।
বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আরও বলেন, ইসলাম প্রত্যেক মানুষের মর্যাদা রক্ষার শিক্ষা দেয়। তবে মানবিকতার নামে শরিয়তবিরোধী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। বিশেষত শিক্ষাব্যবস্থাকে এ ধরনের প্রচার-প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করা হলে নতুন প্রজন্মের ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থায় ইসলামী আকিদা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


