দীর্ঘদিনের অপেক্ষা ফুরাল মোহামেডানের। ১৬ বছর পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতল তারা। শুক্রবার লিগের শেষ রাউন্ডের ম্যাচে বৃষ্টির আইনে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ৬৩ রানে হারিয়ে জটিল সমীকরণ মিলিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। লিগ শিরোপা লড়াই ছিল ত্রিমুখী। মোহামেডান, আবাহনী ও প্রাইম ব্যাংকের সামনে ছিল শিরোপা জয়ের সমান সুযোগ। কঠিন সমীকরণ ছিল মোহামেডানের সামনে। আবাহনীর বিপক্ষে শুধু জিতলেই চলবে না, অন্য ম্যাচে প্রাইম ব্যাংক যেন হারে, সেই প্রার্থনাও ছিল তাদের। একসঙ্গে দুটি চাওয়াই পূরণ হয়েছে দলটির। সর্বোচ্চ ১৮ পয়েন্ট অর্জন করে শিরোপা জয়ের উৎসবে মাতল সাদা-কালো জার্সিধারীরা। এর আগে সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে প্রিমিয়ার লিগ জিতেছিল মোহামেডান। প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর মোহামেডানের প্রথম শিরোপা এটি। অন্যদিকে, ১৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আবাহনী। প্রাইম ব্যাংকের অর্জনও ১৬ পয়েন্ট। তবে আবাহনীর চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় হয়েছে তারা।
বিকেএসপির তিন নম্বর মাঠে পরস্পরের মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ে মোহামেডান। এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ৪০৬ রান করে দলটি। তবে বৃষ্টি হানা দেওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। বৃষ্টির আইনে জয়ের জন্য আবাহনীর সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৪.৪ ওভারে ২৪২ রানের। জবাবে ৪ উইকেটে ১৭৮ রানে থেমে যায় আবাহনীর ইনিংস। তাদের পক্ষে সর্বোচ্চ ৮৫ রানে অপরাজিত থাকেন অনিক সরকার। ৩২ রান করেন মেহরাব। মোহামেডানের হয়ে তাইজুল, মুশফিক,তাইবুর ও নাইম একটি করে উইকেট নেন।
এর আগে বিকেএসপির মাঠে রান উৎসব করেন মোহামেডানের ব্যাটাররা। তাদের উদ্বোধনী জুটি জমেনি। নাঈম শেখ আউট হলে ৩৬ রানেই ভেঙে যায় এ জুটি। তবে এনামুল ও পারভেজ মিলে দ্বিতীয় উইকেটে ২৪৮ রানের লম্বা জুটি উপহার দেন। দুজনই সেঞ্চুরি পান। ১১৬ বল খেলে ১৪১ রানে থামে এনামুলের ব্যাট। আর ১১৫ বলে ১৫০ রানের ঝলমলে ইনিংস খেলেন পারভেজ। এ দিন তামিম ইকবালকে (২৪টি) ছাড়িয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন এনামুল। জোড়া সেঞ্চুরির পাশাপাশি আফিফ হোসেন ৩৩ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। আর আনিসুল ১৬ বলে করেন ৩০ রান। আর তাতেই রান পাহাড়ের চূড়ায় উঠে মোহামেডান।
দিনের অপর ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে বৃষ্টির আইনে ৬ রানে জিতেছে লেপার্ডস। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৬ রান তুলে প্রাইম ব্যাংক। ম্যাচে বৃষ্টির বাগড়া দেওয়া পরবর্তী সময়ে জয়ের জন্য ২৯.১ ওভারে ১৩৪ রানের লক্ষ্য পায় লেপার্ডস। ফলে জয় তুলে নিতে বেগ পেতে হয়নি তাদের (১৪২/৩)। অন্য ম্যাচে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে বৃষ্টির আইনে এক রানের নাটকীয় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। এছাড়া গুলশান ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচটি টাই হয়েছে। তবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ওয়াকওভার পেয়ে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

