কয়েকদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। ডান পায়ের সোলিয়াস মাসল ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন বোর্নমাউথের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বাঁ পায়ের সেন্ট্রাল ডিফেন্ডার মার্কোস সেনেসি।
বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে গুরুতর চোট পান বালের্দি। তবে তার বিকল্প বেছে নিতে কিছুটা সময় নিচ্ছিলেন কোচ স্কালোনি। নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেজদের নিয়ে গড়া সেন্ট্রাল ডিফেন্সের ওপর পূর্ণ ভরসা ছিল তার। রক্ষণভাগের বাম দিকে ফাকুন্দো মেদিনাকে খেলার সুযোগ দেওয়ার ভাবনাও ছিল কোচের রাডারে।
তবে পরিস্থিতি বদলে যায় হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে নিকোলাস তাগলিয়াফিকোর পায়ের চোটের পর। এই চোটের কারণে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন তাগলিয়াফিকো। যদিও অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেই তার সম্পূর্ণ ফিট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, তবুও রক্ষণভাগের বাম দিকে বাড়তি নিরাপত্তা ও বিকল্প নিশ্চিত করতে একজন বাঁ পায়ের নিখুঁত সেন্টার ব্যাক হিসেবে মার্কোস সেনেসিকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেন স্কালোনি।
এদিকে ডান হ্যামস্ট্রিং স্ট্রেইনের কারণে বেশ কিছুদিন ধরে মূল দলের বাইরে আলাদা অনুশীলন করছিলেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তার বিকল্প হিসেবে গুইদো রদ্রিগেজের নাম বেশ জোরেশোরে শোনা যাচ্ছিল। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, পারেদেস পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, যা আলবিসেলেস্তে শিবিরের জন্য একটি বড় স্বস্তির খবর।
সান লরেঞ্জো যুব দল থেকে উঠে আসা কনকর্দিয়ার বাসিন্দা মার্কোস সেনেসি গত মৌসুমে ইংলিশ প্রমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে ক্যারিয়ারসেরা সময় কাটিয়েছেন। রক্ষণভাগে তার অনবদ্য পারফরম্যান্সের ওপর ভর করেই বোর্নমাউথ ঐতিহাসিক ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে।
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ক্লাব ক্যারিয়ারেও বড় লাফ দিয়েছেন এই ডিফেন্ডার। ফ্রি এজেন্ট হিসেবে ইংল্যান্ডের অন্যতম জায়ান্ট ক্লাব টটেনহাম হটস্পারের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন করেছেন তিনি। লন্ডনে স্পারদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারার সময়ই স্কালোনির সেই কাঙ্ক্ষিত ফোনটি পান সেনেসি। জাতীয় দলে ডাক পাওয়ার আশায় আগে থেকেই বিশেষ অনুশীলনে থাকা সেনেসি দুই বা এক দিনের মধ্যেই আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

